গ্রীষ্মের আগেই পানির জন্য হাহাকার ঢাকা দক্ষিণ সিটির ৬ নম্বর ওয়ার্ড মুগদাপাড়ায়। আর রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে ফুটপাথ দখলের পরিচিত দৃশ্যতো রয়েছেই।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় দুই লাখ মানুষের বসবাস। দীর্ঘ সময় ধরে চলমান কিছু উন্নয়ন প্রকল্পের জেরে রাস্তা খুড়ে রাখায় ভোগান্তিতে ওয়ার্ডবাসী। ফুটপাত দখল, রাস্তার ওপর দোকানপাট আর বাজার যেন মুগদাপাড়ার নিয়মিত দৃশ্য।
শহরের নীচু এলাকায় সামান্য বৃষ্টিতেই জমে যায় হাটু পানি। আর ওয়াসার সুয়ারেজ লাইনে পানি জমা তো আছেই। তবে সম্প্রতি শুরু হয়েছে এলাকার খাল সচল করার কাজ।
অধিকাংশ জায়গায় সড়ক বাতি না থাকায় ওয়ার্ডের সরু গলিগুলো রাতে পরিণত হয় ভুতুড়ে গলিতে। অন্যদিকে কবে সিসি ক্যামেরা লাগানো হবে প্রতীক্ষায় ওয়ার্ডবাসী।
এলাকাবাসীরা বলছে, ড্রেনে ময়লা জমে যায়, বৃষ্টি হলে নীচু রাস্তায় পানি জমে যায়। ওয়ার্ডবাসীর সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানির সংকট। একটিমাত্র পানির পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে অপেক্ষা।
এলাকাবাসীরা জানায়, পানিতে প্রচুর দুর্গন্ধ থাকে, ফুটিয়ে খেলেও গন্ধ যায় না। মুখে পানি দিলে মরিচের মতো মুখ জ্বলে, এছাড়া গোসল করলে শরীরে চুলকানি হয়।
ওয়াসার লাইনের পানিতে একদিকে যেমন দুর্গন্ধ তেমনি ক্লোরিনের মাত্রা এত বেশি যে তা ব্যবহার করতেই ভয় পায় এলাকাবাসী।
পানি সমস্যা সমাধানের পাশাপাশি নিয়মিত রাস্তা পরিস্কার এবং আসন্ন বর্ষা মৌসুমে রাস্তা খোড়াখুড়ি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে মুগদাপাড়াবাসী।






