ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে রক্তাক্ত হয়েছেন লিওনেল মেসি। ক্রিস স্মলিংয়ের তেড়ে আসায় ঘটা সংঘর্ষে নাক ফেটে রক্ত ঝরেছে বার্সেলোনা অধিনায়কের। শঙ্কা জেগেছে লা লিগায় হুয়েস্কার বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে!
নাকের কী দশা সেটা জানতে খুব দ্রুতই মেসিকে পরীক্ষা করা হবে। আর্জেন্টাইন মহাতারকার বার্সা সতীর্থ সার্জিও রবের্তো জানিয়েছেন, ম্যাচের পরও প্রচুর রক্ত ঝরেছে মেসির নাক দিয়ে।
ভাঙা নাক নিয়ে লা লিগায় আপাতত দলের সেরা তারকাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্নেস্টো ভালভার্দে। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১১ পয়েন্টে এগিয়ে থাকায় হুয়েস্কার বিপক্ষে ঝুঁকি নিতে চাইছেন না বার্সা কোচ। কিন্তু পরিস্থিতি দাবি করে মেসিকে, তাহলে কী হবে?
পরিস্থিতি দাবি করলে দারুণ এক সমাধান ঠিক করে রেখেছেন ভালভার্দে। ম্যাচের প্রয়োজনে মেসিকে দ্বিতীয়ার্ধে নামাতে চান তিনি, তবে সেক্ষেত্রে মুখে মুখোশ পরে মাঠে নামাতে পারেন বার্সা অধিনায়ককে!
মেসির যে মানসিকতা তাতে মুখোশ নাও লাগতে পারে বলে মত রবের্তোর। ভাঙা নাক নিয়ে ম্যানইউর বিপক্ষে পুরো ম্যাচে খেলেছেন। প্রয়োজনে সেই নাক নিয়ে খেলবেন হুয়েস্কার বিপক্ষেও, ‘মুখোশ পরাটা মেসির জন্য অস্বস্তির হবে। কিন্তু সে ভীষণ সাহসী। আহত অবস্থায় অতীতেও সে ম্যাচ খেলেছে, সেরাটা দিয়েছে। সামনেও দেবে।’







