বেলজিয়ামের সহকারী কোচ হিসেবে সফল হওয়ায় তার দিকে নজর দিয়েছে অনেকেই। সেই অনেকের মধ্য থেকে থিয়েরি হেনরি অঁরিকে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে মিশর। ফরাসি সাবেক লিজেন্ডের বিষয়ে খবরটি দিয়েছেন ফুটবলারদের নামকরা এজেন্ট নাদের এল-সাঈদ।
রাশিয়া বিশ্বকাপে রবার্তো মার্টিনেজের সঙ্গে বেলজিয়ামের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন অঁরি। বিশ্বকাপ জিততে না পারলেও তৃতীয় হয়ে ফুটবল বিশ্বের মন জিতেছে বেলজিয়ানরা।
বিশ্বকাপ সাফল্য অনুসরণ করে টেলিভিশন বিশেষজ্ঞ হিসেবে কাজ করার চেয়ে কোচিংয়েই বেশি আগ্রহ দেখাচ্ছেন অঁরি।
এই পথে প্রথম তার নাম জড়ায় ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে। তবে তার এজেন্ট বলছেন, সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করার জন্য মিশরের প্রস্তাবে রাজি হয়ে যাওয়া উচিত অঁরির।
এল-সাঈদ বলেছেন, ‘আমরা থিয়েরি হেনরির এজেন্ট এবং মিশরীয় ফুটবল ফেডারেশনের সদস্য হামজা ইমামের সঙ্গে লন্ডনে মিটিং করেছি।’
রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বের তিন ম্যাচেই হারে মিশর। টুর্নামেন্ট শেষে কোচ হেক্টর কুপারকে বরখাস্ত করে মিশরীয় ফুটবল ফেডারেশন। এখন তার জায়গায় ৪০ বছরের অঁরিকে বসাতে চায় ফারাওরা।
মেক্সিকো ও জাপানের সাবেক কোচের একজনকে মিশরের ডাগআউটে বসানোর খবরও শোনা যাচ্ছে। তবে এই তথ্য পুরোপুরি নাকচ না করলেও এল-সাঈদ বলেছেন, ‘যদিও মেক্সিকো কোচ অন্যতম প্রার্থী ছিলেন, কিন্তু তার বিষয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।’







