ছোট ও বড় পর্দার তারকা বিদ্যা সিনহা মিমের মা ছবি সাহা একটি ছবি পাঠিয়েছেন। ছবিতে দেখা যায়, মিমের সঙ্গে ভারতের বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকা জয়জিৎ সেলফি তুলছেন। ব্যাপার কী! মিম তো কলকাতায় সৃজিত মুখার্জির ‘ইয়েতির অভিযান’ ছবিতে অভিনয় করছেন। তাহলে জয়জিতের সঙ্গে সেলফি? অন্য কোনো কারণ আছে? মিম কি ওখানে বাংলা সিরিয়ালেও কাজ করবেন?
না, এসব ধারণা একদম ঠিক নয়। আজ শনিবার দুপুরে কথা হলো ছবি সাহার সঙ্গে। কলকাতা থেকে তিনি জানান, এই ক’দিন ‘ইয়েতির অভিযান’ ছবির কর্মাশালায় প্রতিদিন ভেনকাটেশ ফিল্মসের অফিসে যেতে হয়েছে মিমকে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রেয়া, জয়জিতের স্ত্রী। মিমের কর্মশালার পুরো ব্যাপারটি তিনিই দেখাশোনা করছেন। জয়জিৎ ব্যক্তিগত কাজে এখানে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন গত বৃহস্পতিবার। জয়জিতের সঙ্গে তখন তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি মিম আর মিমের মাকে কফির আমন্ত্রণ জানান। এ সময় তাদের সঙ্গে ছিলেন শ্রেয়া।
ছবি সাহা বললেন, তিনি জয়জিতের কয়েকটি সিরিয়াল দেখেছেন। আলাদা করে বললেন ‘সোনার হরিণ’ সিরিয়ালের কথা।
মিম জানান, কলকাতায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির নতুন ছবির ‘পোস্ত’র প্রিমিয়ার হলো। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তারা। এখানে তাদের সঙ্গে আরও ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।








