জার্মানের মিউনিখে শপিং মলে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তার পরিচয় জেনেছে তারা।
হামলাকারী ১৮ বছর বয়সী ইরানি বংশোদ্ভুত জার্মান নাগরিক। মিউনিখ শহরেই তিনি স্থায়ীভাবে বসবাস করতেন।
পুলিশের ধারণা, হামলার পর আত্মহত্যা করেছে ওই হামলাকারী। সন্দেহভাজন এ হামলাকারীর মরদেহ ঘটনাস্থল অলিম্পিয়া শপিং সেন্টার থেকে এক কিলোমিটার দূরে পাওয়া যায়।
হামলাকারীর সংখ্যা নিয়েও নিশ্চিত হয়েছে পুলিশ। প্রথমে তিনজন বলা হলেও এখন বলা হচ্ছে হামলাকারী একজনই। ওই হামলার পর জার্মানিসহ বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, তিনজন বন্দুকধারী এই হামলা চালায়।
শনিবার সংবাদ সম্মেলনে মিউনিখ পুলিশ প্রধান হুবার্টান অ্যান্দ্রে জানান, সন্দেহভাজন সম্পর্কে পুলিশের কোনো জানাশোনা নেই। তার আগের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের রেকর্ডও নেই। তারপরও তদন্ত চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, তিনজনের কথা তখনই এসেছিল যখন প্রত্যক্ষদর্শীরা বলেছিল তারা ওখান থেকে দুইজনকে খুব দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে দেখে। তবে পরে নিশ্চিত হওয়া গেছে যে তারা এর সঙ্গে যুক্ত ছিল না।
হতাহতের তালিকায় শিশুও রয়েছে এমন কথা বললেও আর বাড়তি কোনো তথ্য দেননি অ্যান্দ্রে।








