১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। গত ২৪ মার্চ মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিম ফার্নান্দেজকে। কিন্তু শেষ রক্ষা হলো না।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় রবিবার (৬ এপ্রিল) সকল মায়া ত্য্যাগ করে চলে গেলেন অভিনেত্রীর মা।
কয়েক দিন আগেই কিম ফার্নান্দেজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যাকলিন। তবে মায়ের মৃত্যুর খবর জানিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ‘কিক’খ্যাত এই তারকা।
২০২২ সালের শুরুতে জ্যাকুলিনের মা কিম ফার্নান্দেজ অসুস্থ হয়ে পড়েন। স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।কিছু দিন আগে ইন্ডিয়া টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেন, “আমি সবসময়ই মায়ের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রতিটি কঠিন সময়ে মা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি।”
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকুলিনের নাম ওঠার পর তার সবকিছু এলোমেলো হয়ে যায়। ফলে, অনেক কাজও হারিয়েছেন। গত বছর হলিউডের একটি সিনেমায় দেখা গেলেও বলিউডের কোনো সিনেমায় অভিনয় করেননি।
তবে বর্তমানে জ্যাকুলিনের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’, ‘হাউজফুল ফাইভ’।








