মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জাতির পিতা এবং জাতীয় চার নেতাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ‘মা ভাইদের কথা বারবার মনে পড়ছে’ উল্লেখ করে পরিদর্শন বইতে নিজের অনুভূতির কথা লিখেছেন। ছোটবোন শেখ রেহানাও সেখানে সাক্ষর করেন।
পরিদর্শন বইতে লেখা প্রধানমন্ত্রীর অনুভূতি ছিল এরকম-
জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যাদের মহান আত্মত্যাগে আজ আমাদের বিজয় তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।
বাংলাদেশ উন্নয়নশীল দেশ, সফলতার আলো জ্বালিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সচ্ছল সোনার বাংলা হিসেবে গড়ে তোলা, এই আমাদের অঙ্গীকার। ইনশাআল্লাহ, বাঙ্গালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে।
আমার মা ভাইদের কথা বারবার মনে পড়ছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।









