‘ও মাই লাভ’ ছবির মাধ্যমে প্রায় দুই মাস পর শুটিংয়ে ফিরছেন নায়িকা মাহিয়া মাহি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার এক অভিনেতা। আগামী ৯ তারিখ শুরু হচ্ছে ছবির শুটিং। ছবিটি প্রযোজনা করছেন মোহাম্মদ হিমেল।
পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা ছবির শুটিং শুরু করব। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়িকা মাহিয়া মাহি। তার বিপরীতে আমরা কলকাতার কোনো একজন অভিনেতাকে নেয়ার চিন্তা করেছি। কিন্তু এখনো বিষয়টি চূড়ান্ত নয়। ঢাকাতেই ছবির বেশিরভাগ শুটিং করব। গানের শুটিং দেশের বাইরে করার কথা রয়েছে।’
কিছুদিন আগে দেবরের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন মাহি। রমজানেও ছিল পারিবারিক ব্যস্ততা। সব মিলিয়ে রোজার আগে শুটিং থেকে বিরতি নেন তিনি।
মাহি বলেন, ‘এখন যেহেতু আমি বিবাহিত, তাই পারিবারিক দায়িত্ব বেড়েছে। দেবরের বিয়েতে সবকিছু আমাকেই সামলাতে হয়েছে। তাছাড়া রোজায়ও অনেক দায়িত্ব ছিল। তাই শুটিং থেকে ছুটি নিয়েছিলাম। এখন দেবরের বিয়ে, রোজা ঈদ সব শেষে আবারও অভিনয়ে ফিরছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এ বিষয়ে প্রযোজক হিমেল বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম ছবির শুটিং করব ৭ তারিখ থেকে। কিন্তু ৮ তারিখ আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। যে কারণে শুটিং আমরা ৯ তারিখ থেকে শুরু করছি। ছবির গল্পের কাজ শেষ, গানের রেকর্ডও করে ফেলেছি।
দীর্ঘদিন ধরেই আমি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত, আমি এমনিতে একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি। এরই মধ্যে আমরা শুটিংয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সুন্দর গল্পের ভালো একটা ছবি উপহার দেওয়ার চেষ্টা করব।’
আগামী ২৭ তারিখ মুক্তি পাচ্ছে মাহি অভিনীত চলচ্চিত্র ‘জান্নাত’। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন নায়ক সাইমন সাদিক। এ ছাড়া বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ ছবিতে ডিএ তায়েবের বিপরীতে অভিনয় করেছেন মাহি।
২০১২ সালে শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র শুরু করেন মাহি। একই ছবি দিয়ে অভিষেক হয় নায়ক বাপ্পী চৌধুরীর।






