যেকোন জয়ই তৃপ্তির, স্বস্তির সৌম্য-মোস্তাফিজকে দুর্দান্ত পারফর্ম করতে দেখা। মাশরাফি বিন মুর্তজারও সেটাই মনে হচ্ছে। সেইসঙ্গে টাইগার অধিনায়ককে তৃপ্তি দিচ্ছে জয়ের ধরনটাও।
কন্ডিশন শঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার উড়ন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৮ উইকেট আর ১৩৭ বল হাতে রেখে ১৮১ রান টপকে যাওয়াই বাড়তি তৃপ্তির ঢেকুর তুলতে দিচ্ছে টাইগার অধিনায়ককে।
দাপুটে পারফরমেন্সের পর তৃপ্ত মাশরাফির কণ্ঠে ঝরল, ‘জিতলেই ভালো লাগে। জয়ী দল সব সময়ই খুশি থাকে। ছেলেরা যেভাবে খেলেছে, সেটাই বেশি তৃপ্তিদায়ক।’
তৃপ্তিটা কেবল উড়ন্ত জয়ের জন্যই নয়, সব বিভাগেই সমান দাপট দেখানোরও, ‘ব্যাটিং-বোলিং দুটোই ভালো হয়েছে। আমরা দ্রুত উইকেট নিতে পেয়েছি, সেটা গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিংয়ে ওপেনাররা আরো একবার দারুণ করেছে। ভালো দিক হল- শুরুটা কাজে লাগিয়ে খেলা শেষ করে এসেছে। উইকেট ছুঁড়ে আসেনি। সৌম্য-তামিম দারুণ খেলেছে।’
তামিম তো অনেকদিন থেকেই ধারাবাহিকতার মূর্তপ্রতীক। কিন্তু সৌম্য ছন্দে থাকা আর মোস্তাফিজের চেনারূপে ফিরতে থাকাটা টাইগার শিবিরের জন্য বাড়তি স্বস্তিদায়কই। মাশরাফিও সেটি লুকালেন না।
ভিত্তিটা গড়ে দিয়েছেন ম্যাচসেরা মোস্তাফিজ। ২৩ রানে ৪ উইকেট এই বাঁহাতি পেসারের। সৌম্য সেখানে টানা দ্বিতীয় ফিফটি তুলে অপরাজিত ৮৭ রানে ম্যাচ শেষ করে এসেছেন নান্দনিক এক ব্যাটিংয়ের পসরা সাজিয়ে।
কাটার মাস্টার ও বাঁহাতি উদ্বোধনীকে নিয়ে তাই আলাদা করেই বলতে হল মাশরাফিকে, ‘সৌম্য ও মোস্তাফিজের ফর্মে আমি খুব খুশি। এটা স্বস্তির। মোস্তাফিজ দারুণ করেছে। শুধু আজ তো নয়, গত দুই-আড়াই বছর ধরেই ও দারুণ করছে। আশা করি, এটা ধরে রাখবে। সামনে অনেককিছু অপেক্ষা করছে ওর জন্য। সৌম্যও ছিল দুর্দান্ত। আশা করি সবাই এভাবে চালিয়ে যাবে।’







