নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মালয়েশিয়ার প্রথম ইসলামি ভাবধারার অনুসারী
এয়ারলাইন কোম্পানি রাইয়ানি এয়ার-এর ওড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে
দেশটির সরকার।
ডিপার্টমেন্ট অব সিভিল এভিয়েশন (ডিসিএ) জানিয়েছে,
পরীক্ষা-নিরীক্ষায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা ও প্রশাসন ব্যবস্থা নিয়ে সন্দেহ থাকায় তাদের অনুমোদন বাতিল করা হয়েছে।
রাইয়ানি এয়ার এখন থেকে আর কোনো বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে পারবে না বলে সোমবার জানায় ডিসিএ।
কোম্পানিটি নীতিমালা অনুসরণ না করায় এর সব ধরণের সেবার ওপর ডিসিএ প্রথম তিন মাসের স্থগিতাদেশ জারি করে। পরে এর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার ওপর অডিট বা নিরীক্ষা চালানোর পর বাণিজ্যিক ফ্লাইটে নিষেধাজ্ঞা দেয়া হয়।
মালয়েশিয়ার এভিয়েশন কমিশন এক বিবৃতিতে বলেছে, এয়ারলাইন কোম্পানিটি এর ‘এয়ার সার্ভিস লাইসেন্স’-এ বর্ণিত নীতিমালা লঙ্ঘন করেছে এবং বাণিজ্যিক এয়ারলাইন হিসেবে কর্মপরিচালনার মতো যথেষ্ট আর্থিক ও ব্যবস্থাপনাগত ক্ষমতা এদের নেই।’
শুধুমাত্র হালাল খাবার পরিবেশন, মদ ও নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ এবং শালীন পোশাক পরিহিত ক্রু – এই নিশ্চয়তার মধ্য দিয়ে রাইয়ানি এয়ার গত ডিসেম্বর এদের সেবা চালু করে। কোম্পানিটির রয়েছে দু’টি বোয়িং ৭৩৭-৪০০ উড়োজাহাজ। প্রতিটি প্রায় ১৮০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন। এয়ারলাইনটিতে কর্মরত আছেন ৮ পাইলট ও ৫০ জন ক্রু।
মালয়েশিয়ার লাংকাউই দ্বীপভিত্তিক রাইয়ানি এয়ার এতদিন পর্যন্ত রাজধানী কুয়ালালামপুর ও উত্তরাঞ্চলের শহর কোটা বাহরু’তে ফ্লাইটসেবা দিয়ে আসছিল। এরপর আরও বেশ কিছু শহরে যাত্রা শুরুর পাশাপাশি পরবর্তীতে হজ ও ওমরা সেবার জন্য মক্কায় বিশেষ ফ্লাইট আয়োজনেরও পরিকল্পনা ছিল কোম্পানিটির।







