আজ ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে খলিল বাহিনীর ৩‘শতাধিক মুক্তিযোদ্ধা ও পাকিস্তানী হানাদার বাহিনীর মধ্যে মাদারীপুরের সমাদ্দার নামক স্থানে একটানা ৩৬ ঘণ্টা সম্মুখ যুদ্ধ চলে। যুদ্ধে পরাজিত হয়ে এক মেজর ও ক্যাপ্টেনসহ ৩৯ জন হানাদার সদস্য মাদারীপুরের খলিল বাহিনীর নিকট আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মাদারীপুর শত্রু মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। সমাদ্দারের সম্মুখ যুদ্ধে শহীদ মাদারীপুরের শহীদ সর্বকনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চুর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, খলিল বাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমূখ।
মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে বীরমুক্তিযোদ্ধারা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়।







