দেয়াল লিখন থেকে ফেসবুক পোস্ট: কেমন বদলে গেছে তরুণ প্রজন্মের প্রতিবাদের ভাষা?

গ্রাফিক্স: এআই
বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে দেয়াল লিখন, পোস্টার ও স্লোগান কেবল প্রতিবাদের মাধ্যম ছিল না, ছিল সময়ের রাজনৈতিক চেতনা, ক্ষোভ ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেয়ালে দেয়ালে লেখা স্লোগান মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালগুলো হয়ে উঠেছিল প্রতিবাদের একেকটি ক্যানভাস।
‘সাম্রাজ্যবাদের তাবেদার লুটেরা গোষ্ঠীর হাত থেকে জনগণকে রক্ষা কর’, ‘আমার দেশের তেল-গ্যাস আমার দেশে রাখব’, ‘রক্ত দেব, জীবন দেব, তেল-গ্যাস দেব না’, ‘শিক্ষা কোনো সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার’ কিংবা ‘পুঁজিবাদের উপহার বেকারত্ব-অনাহার’-এর মতো স্লোগানে ফুটে উঠত মানুষের রাজনৈতিক অবস্থান ও অধিকার আদায়ের আকাঙ্ক্ষা। প্রতিটি স্লোগানের পেছনে থাকত নির্দিষ্ট সময়ের রাজনৈতিক বাস্তবতা, বুদ্ধিবৃত্তিক চিন্তা এবং প্রতিবাদের নিজস্ব ভাষা।
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। তাঁর বুকে ও পিঠে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। নিজের শরীরকেই প্রতিবাদের পোস্টারে পরিণত করেছিলেন ২৫ বছর বয়সী এই তরুণ। তাঁর সেই আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় প্রতীক হয়ে আছে। কবি শামসুর রাহমান তাঁকে উৎসর্গ করে রচনা করেন ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থ।
সময়ের ব্যবধানে প্রতিবাদের সেই পরিচিত মাধ্যম ও প্রকাশভঙ্গিতে এসেছে বড় পরিবর্তন। একসময় যে দেয়ালে স্লোগান লিখে মানুষ রাজপথে নামার আহ্বান জানাত, এখন সেই প্রতিবাদের বড় একটি অংশ প্রকাশিত হচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টার, গ্রাফিকস, হ্যাশট্যাগ, প্রোফাইল ছবি কিংবা আন্দোলনের ভিডিও হয়ে উঠেছে তরুণদের প্রতিবাদ জানানোর পরিচিত উপায়।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এই পরিবর্তন বিশেষভাবে দৃশ্যমান হয়। আন্দোলনের সময় তরুণদের একটি বড় অংশকে ফেসবুকের প্রোফাইল ছবি লাল করতে, আন্দোলনের ছবি ও ভিডিও ছড়িয়ে দিতে এবং বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে সংহতি প্রকাশ করতে দেখা যায়। #শাটডাউনহাসিনা, #স্বৈরাচার, #কোটা ও #মেধার মতো হ্যাশট্যাগ আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আলোচনায় আসে। একইভাবে ২০২৬ সালে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও #শাটডাউনইউনূস, #সুদখোর ও #রাজাকারহটাও-এর মতো হ্যাশট্যাগ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ডিজিটাল প্রতিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের একচেটিয়া মাধ্যম নয়; বরং ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন দাবি ও অবস্থান প্রকাশের ক্ষেত্র।
২০২৫ সালের অমর একুশে বইমেলাতেও দেয়াল লিখন, পোস্টার ও গ্রাফিতির এই প্রতিবাদী সংস্কৃতির নতুন রূপ দেখা যায়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি ও স্লোগান স্থান পায় বইমেলার বিভিন্ন স্থাপনায়। বাংলা একাডেমির প্রধান ফটকের বিশেষ তোরণে এক পাশে পানি হাতে মীর মুগ্ধ এবং অন্য পাশে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদের ছবি স্থান পায়। পাশাপাশি ছিল মুষ্টিবদ্ধ হাত নিয়ে এগিয়ে চলা মিছিল এবং আন্দোলনে আহত ব্যক্তিদের উদ্ধারের দৃশ্য। ‘জুলাই চত্বর’-এর বিভিন্ন স্লোগানে উঠে আসে বিপ্লব, শোক, প্রতিরোধ ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা। এসব আয়োজনের মধ্য দিয়ে বোঝা যায়, ডিজিটাল মাধ্যমের বিস্তার ঘটলেও দৃশ্যমান প্রতিবাদী শিল্প ও দেয়াল লিখনের আবেদন পুরোপুরি হারিয়ে যায়নি।
সাধারণভাবে ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের জেনারেশন জি বা জেন জি হিসেবে বিবেচনা করা হয়। এই প্রজন্মের বেড়ে ওঠার সময়েই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফলে তাদের রাজনৈতিক সচেতনতা, মতপ্রকাশ ও প্রতিবাদের কৌশলেও ডিজিটাল মাধ্যমের প্রভাব স্পষ্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দ্রুত বিস্তার। আগে বিশ্ববিদ্যালয়ের কোনো দেয়ালে স্লোগান লিখলে তা মূলত ওই ক্যাম্পাস বা আশপাশের মানুষের দৃষ্টিগোচর হতো। এখন একটি ফেসবুক পোস্ট কিংবা হ্যাশট্যাগ মুহূর্তেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে। লাইক, শেয়ার ও মন্তব্যের মাধ্যমে মানুষ নিজেদের অবস্থান জানাতে পারে। একই স্লোগান, হ্যাশট্যাগ কিংবা প্রোফাইল ছবি ব্যবহারের মধ্য দিয়ে তৈরি হয় সম্মিলিত পরিচয় ও সংহতির অনুভূতি।
২০২৪ সালের জুলাই আন্দোলন নিয়ে ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় ফেসবুকে প্রকাশিত ২ হাজার ৯৫টি পোস্ট এবং ৪ লাখ ২০ হাজারের বেশি মন্তব্য বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অনলাইন আলোচনার বিষয়বস্তু কোটা সংস্কারের দাবি থেকে সরকার সংস্কার এবং বৃহত্তর রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিস্তৃত হয়েছে। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যম কেবল আন্দোলনের খবর ছড়িয়ে দেওয়ার মাধ্যম ছিল না, বরং আন্দোলনের দাবি ও রাজনৈতিক আলোচনার পরিবর্তনেও ভূমিকা রেখেছে।
তবে ডিজিটাল প্রতিবাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা নিয়ে দ্রুত ক্ষোভ ও সংহতি তৈরি হলেও নতুন ঘটনা সামনে এলে আগের ইস্যুটি আলোচনার বাইরে চলে যেতে পারে। অনেক সময় অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলেও তা বাস্তব উদ্যোগ, সংগঠিত আন্দোলন কিংবা দাবি আদায়ের প্রক্রিয়ায় রূপ নেয় না। ভুল তথ্য, সম্পাদিত ভিডিও ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে। ফলে অনলাইন প্রতিবাদের জনপ্রিয়তা এবং বাস্তব কার্যকারিতাকে এক করে দেখার সুযোগ নেই।
শুধু প্রতিবাদের মাধ্যমই নয়, বদলে যাচ্ছে এর ভাষা ও প্রকাশভঙ্গিও। আগে প্রতিবাদের ক্ষেত্রে কবিতা, গান, সাহিত্য কিংবা সৃজনশীল শব্দচয়নের ব্যবহার ছিল উল্লেখযোগ্য। কিন্তু বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদী পোস্ট ও স্লোগানে অশালীন ভাষা এবং গালিগালাজের ব্যবহারও চোখে পড়ছে। এই পরিবর্তনকে কেবল প্রযুক্তির প্রভাব দিয়ে ব্যাখ্যা করা যায় কি না, তা নিয়ে রয়েছে ভিন্নমত।
বিষয়টি নিয়ে কথা হয় গবেষক-প্রাবন্ধিক ও শিক্ষাবিদ সাইমন জাকারিয়ার সঙ্গে। তরুণ প্রজন্মের প্রতিবাদের ভাষায় মৌলিক কোনো পরিবর্তন এসেছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুণদের প্রতিবাদের ভাষায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। একসময় প্রতিবাদের ভাষায় একধরনের শিল্পিত প্রকাশ ছিল। সংগীত, কবিতা কিংবা সৃজনশীল শব্দচয়নের মধ্য দিয়ে মানুষ প্রতিবাদ জানাত। কিন্তু এখন প্রতিবাদের ভাষায় এমন কিছু অশ্লীল ও গালিগালাজপূর্ণ শব্দের ব্যবহার দেখা যাচ্ছে, যেগুলো সাধারণত প্রকাশ্যে উচ্চারণ করতে চাই না।
তার মতে, আগে গালিগালাজের প্রচলন থাকলেও প্রতিবাদের ক্ষেত্রে তা অনেক সময় শিল্পিত ও পরিশীলিতভাবে প্রকাশ করা হতো। বর্তমান সময়ে সেই প্রবণতা থেকে অনেকটাই সরে এসেছে তরুণ প্রজন্ম। এর পেছনে শিক্ষাব্যবস্থা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে দূরত্ব তৈরি হওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন তিনি।
সাইমন জাকারিয়া বলেন, মানুষের সাংস্কৃতিক পরিচয় গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সঙ্গে সংস্কৃতির যে সংযোগ থাকার কথা, তা এখন অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। এর প্রভাব পড়ছে মানুষের রুচিবোধ ও পরিশীলিত জীবনাচারে। তার ভাষায়, ‘রুচির দুর্ভিক্ষ’ এখন চলছে।
তিনি মনে করেন, আগে সাহিত্য, গল্প ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানুষ যে পরিশীলিত জীবনবোধের শিক্ষা পেত, বর্তমান প্রজন্মের অনেকের সঙ্গে সেসবের সংযোগ তৈরি হচ্ছে না। ফলে কেউ কেউ গালিগালাজকেই প্রতিবাদের শক্তিশালী ভাষা মনে করছে। অথচ প্রতিবাদ জানাতে অশ্লীল ভাষার প্রয়োজন নেই।
এ প্রসঙ্গে নূর হোসেনের উদাহরণ টেনে তিনি বলেন, তার বুকে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। সেখানে কোনো গালিগালাজ ছিল না, অথচ বক্তব্য ছিল স্পষ্ট ও সাহসী। এটি ছিল প্রতিবাদের শক্তিশালী ও শিল্পিত প্রকাশ।
আশি ও নব্বইয়ের দশকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত অনেক মানুষের পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে গভীর সংযোগ ছিল বলেও মনে করেন এই শিক্ষাবিদ। তার মতে, সেই সাংস্কৃতিক সংযোগ তাদের প্রতিবাদের ভাষাকে শিল্পিত ও বুদ্ধিবৃত্তিক করে তুলেছিল। বর্তমান সময়ে সংস্কৃতিচর্চা থেকে দূরে সরে যাওয়ার কারণে প্রতিবাদের ভাষা অনেক ক্ষেত্রে নগ্ন ও অশালীন হয়ে উঠছে।






