বখাটের হামলায় প্রাণ হারালো দশম শ্রেণীর শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মোড়ে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কনিকা(১৫)। সে মহিপুর গ্রামের লক্ষণ সেনের মেয়ে এবং মহিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
এঘটনায় মাদকাসক্ত বখাটে আব্দুল মালেকের হামলায় আহত হয়েছে আরও ৩ ছাত্রী। আহতরা হচ্ছে, একই শিক্ষাপ্রতিষ্ঠানের তানজিলা খাতুন, মরিয়ম খাতুন ও তারমিন খাতুন। হামলাকারী আব্দুল মালেক(২২)কে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কনিকা, তানজিলা, মরিয়ম ও তারমিনের পথ রোধ করে বখাটে মালেক। তারপর হাতে থাকা হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। কনিকাকে উপর্যুপরী হাসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মালেককে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম নিহত ও আহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান হামলার ব্যাপারে সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।








