চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বাসেলে বিকল হওয়া হোসে মরিনহোর গাড়ি ইংলিশ প্রিমিয়ার লিগে এসে সচল হল। এএফসি বাসেলের কাছে হারের পর আবার জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের ঘরের মাঠ ‘ওল্ড ট্রাফোর্ডে’ ব্রিংটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ‘স্পেশাল ওয়ান’র দল। তবে ম্যানইউর জয়ের দিনে আটকে গেছে টটেনহ্যাম হটস্পার।
ঘরের মাঠে বেশ প্রতাপ নিয়ে খেলেছে ম্যানইউ। কিন্তু আসল কাজটা ঠিকঠাক করতে উঠতে পারছিল না। একাধিক আক্রমণ গড়েও গোলের জাল খুঁজে পাচ্ছিলেন না পগবা-লুকাকুরা। স্কোরবোর্ড গোলশূন্য রেখেই বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানইউ। প্রথমার্ধে ৬০ শতাংশের পর দ্বিতীয়ার্ধে ৭০ শতাংশের বেশি বল দখলে রাখে তারা। অবশেষে ৬৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় রেডরা। দূরহ এক কোন থেকে গোল করে ওল্ড ট্রাফোর্ডে আনন্দের ঢেউ তোলেন অ্যাসলে ইয়ং। পরে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে না পারায় ১-০তে জিতেই সন্তুষ্ট থাকতে হয় মরিনহোকে।
ম্যানইউর জয়ের দিনে আটকে গেছে টটেনহ্যাম হটস্পার। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে এক গোল করে ওয়েস্টব্রুম অ্যালবিয়নের বিপক্ষে কোনোমতে ড্র করেছে ডেলে আলি ও হ্যারি কেনরা।
অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে ওয়াটফোর্ড এবং ক্রিস্টাল প্যালেস ২-১ গোলে স্টোক সিটিকে হারিয়েছে। এছাড়া সোয়ানসি সিটি-এএফসি বোর্নমাউথ ম্যাচটি গোলশূন্য ড্র হয়।








