সরকারের দেয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের পরও হাজারীবাগে নোটিশ পাওয়া ট্যানারি প্রতিষ্ঠানগুলো তাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু করেনি।
সাভারে প্রস্তাবিত ট্যানারি শিল্প পার্ক এলাকায় কাজ শুরু না করায় যে প্রতিষ্ঠানগুলোকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, তাদের দ্রুততম সময়ের মধ্যে স্থানান্তর শুরু করতে নির্দেশ দিয়েছে ট্যানারি এসোসিয়েশন।
সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্পের জন্য প্রস্তাবিত এলাকায় স্থানান্তরের জন্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও রাজধানীর হাজারীবাগে সেই পুরোনো চিত্র।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর দেয়া নিদের্শনায় সাভারের প্রস্তাবিত শিল্প এলাকায় কাজ শুরু করা মোট ২৮টি ট্যানারি প্রতিষ্ঠানকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
৭২ ঘণ্টা সময় বেঁধে দিলেও শিল্পমন্ত্রীর বেঁধে দেয়া সময়ের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া শুরু করতে পারেনি নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলো।
ট্যানারি শিল্প উদ্যোক্তা ইলিয়াসুর রহমান বলেন, ‘ওখানে যারা প্লট পেয়েছে তাদের মধ্যে ২৮টি প্লটে এখনো কাজ শুরু হয়নি। শুরু হয়েছে অল্প কিছু কাজ। এজন্য মন্ত্রী ক্ষোভ নিয়ে বলেছেন ওখানেই তাদের প্লট বাতিল করে দিবে আর এখানেও লাইন কেটে দিবে। ৭২ ঘণ্টার মধ্যে। এই হলো কাহিনী। সব ট্যানারিকে কিন্তু বলা হয়নি।’
ট্যানারি শিল্প উদ্যোক্তারা জানিয়েছেন, নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে স্থানান্তরের কাজ শুরু করতে তারাও নির্দেশনা দিয়েছেন।
আরেক ট্যানারিশিল্প উদ্যোক্তা দিলজাহান ভূঁইয়া বলেন, ‘আমরা তাদের ডেকেছি, তাদেরেকে বলেছি আপনারা যারা কাজ শুরু করেননি তারা কাজ শুরু করেন। অনেকেই এর মধ্যে কাজ শুরু করেছে হেমায়েতপুরে।’
সাভারের প্রস্তাবিত এলাকায় শিল্প স্থানান্তর প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমাতে সরকারেরর বিশেষ দৃষ্টির দাবি ট্যানারি শিল্পের সঙ্গে জড়িত মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের।






