মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বাংলা বছর ১৪২৩-কে বরণ করে নিলো রাজধানীবাসী। মা ও শিশুকে কেন্দ্র করে নারীর প্রতি সম্মানজনক আচরণের আহ্বান ছিল মঙ্গল শোভাযাত্রায়।
ভোরের আলো ফোটার সঙ্গেই, পায়ে হেঁটে দলে দলে মানুষের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আগে থেকেই রঙিন সাজে সেখানে প্রস্তুত এবারের মঙ্গল শোভাযাত্রার নানা ভাস্কর্য।
কড়া নিরাপত্তার মাঝে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। অনুষঙ্গ- অশুভর বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক মুখোশ, পাখি, হাতি, ঘোড়া, পানসি নৌকার অনুকৃতি।
বাংলার প্রতিটি মানুষের সঙ্গে বিশ্ববাসীর মঙ্গল কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার শপথ আয়োজকদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যই হলো দেশের সবার এবং বিশ্ববাসীর মঙ্গল কামনা। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। এটি আমাদের সার্বক্ষণিক প্রেরণা, অধিকার ও প্রত্যাশা।’
শোভাযাত্রায় অংশ নেয়া সাধারণ মানুষের প্রত্যাশা, সুখী-সমৃদ্ধ আগামীর বাংলাদেশ। মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়।









