ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান স্মরণে এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলা হয়েছিল এবং এর পেছনে অনেক গুণীজনের সহায়তা ছিল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের অভিমত বঙ্গবন্ধু ভাষা আন্দোলনকালে আন্দোলন নয় বরং কারাবন্দী হয়ে কাটিয়েছেন।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অমর একুশে বইমেলা উদ্বোধনের পর দেয়া ভাষণে ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান স্মরণ করতে গিয়ে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ভাষার জন্য রক্তদানের মধ্য দিয়ে জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। তিনি ওই সময়ে কারাবন্দী হয়ে থাকলেও আন্দোলনে তার ভূমিকা অনেক।
তার এই কারাযাপনের পেছনের কারণ ভাষা আন্দোলন যার প্রমাণ পাওয়া যায় তৎকালীন পাকিস্তান সরকারের গোয়েন্দা রিপোর্ট থেকে।
পাকিস্তান সরকারের গোয়েন্দা রিপোর্ট যেটি ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য ন্যাশন’ নামে একটি ফাইলে সংযুক্ত ছিলো, সে সকল নথিতে ভাষা আন্দোলনে শেখ মুজিব এর অবদান, প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে।
আজকে যে বাংলা ভাষায় কথা বলি এবং স্বাধীন একটি দেশ পেয়েছি তা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের কারণেই সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে নিজ ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা সম্পর্কেও জ্ঞান রাখার কথা বলেন তিনি।
তিনি আরও জানান, প্রকাশকেরা এই বইমেলা জাতির পিতার জন্মদিন ১৭ মার্চ অবধি চলমান রাখার প্রস্তাবনার প্রেক্ষিতে এই বইমেলা সকলের সম্মতিক্রমে এক মাস চালানো যায় কি না ভেবে দেখার আহ্বান জানান।






