বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহরের উলসুর এলাকার কনরাড হোটেলের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধারে গিয়ে আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।
নিহত দুজন হলেন জার্মান নাগরিক ও লুফথানসা এয়ারলাইনসের ক্রু সদস্য আলেক্সান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭) এবং স্লোভাক নাগরিক ইউরাই হরভাট (৪৫)। তারা দুজনই ওই হোটেলে অবস্থান করছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, হোটেলের সুইমিংপুলে সাঁতার কাটার সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুই বিদেশি। পরে তাদের উদ্ধারে এগিয়ে আসেন হোটেলের দুই কর্মী। এ সময় তারাও বিদ্যুতের শিকার হয়ে আহত হন। পরে চারজনকেই উদ্ধার করে মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই বিদেশিকে মৃত ঘোষণা করেন।
আহত দুজন হলেন ৪১ বছর বয়সী মার্কিন নাগরিক ম্যাথিউ ডিসান্টিস এবং হোটেলের পুল অ্যাটেনডেন্ট ও লাইফগার্ড রাহুল তিওয়ারি (২৮)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বেঙ্গালুরু পুলিশের পূর্ব বিভাগের ডিসিপি জানান, এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে হোটেল কর্তৃপক্ষ ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে সুইমিংপুল এলাকায় শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।






