উত্তাপ সবে ছড়াচ্ছে। রোহিত শর্মা এবং মোহাম্মদ আমিরের ‘স্নায়ু যুদ্ধ’ দিয়ে ওই উত্তাপের শুরু। শেষটা কোথায় হবে, সেটা দেখার আগেই এজবাস্টনে বৃষ্টি হানা দিয়েছে। ৯.৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪৬।
পাকিস্তান এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রোহিত শর্ম এবং শেখর ধাওয়ান ইনিংসের গোড়াপত্তন করতে আসেন। অন্যদিকে আক্রমণে ছিলেন আমির। অফস্টাম্পের কোলঘেঁষে দেখার মতো ছয়টি ডেলিভারি করেন। তাতে রান নেয়ার সাধ্য ছিল না রোহিতের। এই ওভারেই রোহিতকে স্লেজিং শুরু করেন আমির। রোহিতও উত্তর দিতে দেরি করেননি।

দুজনের এই লড়াই পরের কয়েক ওভারেও দেখা গেছে। রোহিত মুখ গরম করলেও ব্যাট শান্ত রেখেছেন। খুব একটা তাড়াহুড়া করছেন না। সময় নিচ্ছেন। ৩৪ বলে ২৫ রানে অপরাজিত আছেন। আরেক ওপেনার শেখর ২৫ বলে আছেন ২০ রান নিয়ে।
পাকিস্তানি কাপ্তান সরফরাজ এদিন পেসার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ওভার থেকে স্পিনার আনেন। বাঁহাতি ইমাদ ওয়াসিম চেষ্টা করছেন ভারতীয় ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে। ইমাদ এখন পর্যন্ত ৪.৫ ওভারে ২৭ রান দিয়েছেন। ৪ ওভারে ১৪ খরচ করেছেন আমির।







