ঢাকায় দু দিনের সফর শেষে ভারতে ফিরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
এর আগে রাত ৮টা ৪৫ মিনিটে নরেন্দ্র মোদিকে নিয়ে ভারতের বিমান বাহিনীর এ-ওয়ান বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
ভারতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দু দিনের সফরে শনিবার সকালে ঢাকা আসেন নরেন্দ্র মোদি। সফরে প্রত্যাশা মতোই ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে।
ঢাকা ছেড়ে যাওয়ার আগে রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভাষণ দেন মোদি। সেসময় বাংলাদেশকে নিয়ে একসঙ্গে পথ চলার কথা বলেন তিনি।






