গত সপ্তাহে ঘরের মাঠে মালদ্বীপের দল নিউ রেডিয়েন্টের কাছে হার। সেই হারের ক্ষত শুকাতে না শুকাতেই এএফসি কাপে দ্বিতীয় হারের স্বাদ পেল আবাহনী। ভারতীয় জায়ান্ট বেঙ্গালুরু এফসির মাঠে ১-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর দল।
গত বছর এই বেঙ্গালুরুর বিপক্ষে ১০জনের দল নিয়েও ২-০ গোলের সুখ স্মৃতি আছে আবাহনীর। সেই সুখ স্মৃতি নিয়ে বুধবার ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ভারতীয় দলটির বিপক্ষে সমান তালেই লড়ে যাচ্ছিল আকাশী-নীল বাহিনী।
কিন্তু ৭২ মিনিটে ড্যানিয়েল লালহিমপুইয়ার গোলে ভাঙে আবাহনীর সব প্রতিরোধ। শেষ পর্যন্ত এই গোলেই ম্যাচ হারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। নিউ রেডিয়েন্টের কাছেও ১-০ গোলে হেরেছিল আবাহনী।
আগামী ১১ এপ্রিল আবারও ভারতে খেলতে যাবে আবাহনী। সেদিন ভারতের আরেক ক্লাব আইজলের মুখোমুখি হবে ঢাকার জায়ান্টরা।







