সরিয়ে দেয়া হল আশরাফুলকে, আপাতত ব্যাটিং কোচ সালাউদ্দিন

ব্যাটিংয়ে সম্প্রতি ভালো যাচ্ছে না বাংলাদেশের। সবশেষ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টাইগারদের ব্যাট হাতে পারফরম্যান্স ছিল হতশ্রী। সিরিজে দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এমনকি কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাট করতে পারেনি, অলআউট হয়েছে দুইশর আগেই। ব্যাটিংয়ে ভরাডুবির কারণে দায়িত্ব হারালেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।
শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বলা হয়েছে, জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে বোর্ডের মধ্যে নতুন দায়িত্ব দেওয়া হবে। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত বিসিবির হাই পারফরম্যান্স দলের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন আশরাফুল। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই দায়িত্ব হারালেন।
২০২৫ সালে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব পান আশরাফুল। তখন অবশ্য সিরিজটির জন্যই দায়িত্ব দেয়া হয়েছিল। পরে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের চুক্তি বাড়ানো হয়।






