আঙুলের ইনজুরিতে পড়ে ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডে ম্যাচে খেলা হচ্ছে না এবি ডি ভিলিয়ার্সের।
ভিলিয়ার্স বাদ পড়লেও তার পরিবর্তে কাউকে ডাকেনি সাউথ আফ্রিকা। তাই ওয়ানডে দল ১৫ থেকে ১৪ সদস্যের হয়ে গেছে। ছয় ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১ ফেব্রুয়ারি অভিষেক হয়ে যেতে পারে জোন্ডোর।
তৃতীয় টেস্টে ডান হাতের তর্জনীতে ব্যথা পান ভিলিয়ার্স। পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে। চতুর্থ ম্যাচের আগে তিনি সেরে উঠবেন বলা আশা করছে দেশটির ক্রিকেট বোর্ড।
সাউথ আফ্রিকা ২০১৯ সালের বিশ্বকাপ সামনে রেখে দল সাজিয়েছে। ডাক পাননি ফারহান বেয়ারদিয়েন। মিডল অর্ডারে ভিলিয়ার্সের বদলে তার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু দেশটির নির্বাচকরা স্মরণ করেছেন জোন্ডোকে। ২০১৫ সালের ভারত সফরে তিনি দলে থাকলেও একটি ম্যাচেও নামার সুযোগ পাননি।







