মতামত

ব্লকেড: একটি ভালবাসার গল্প

ব্লকেড: একটি ভালবাসার গল্প

ভালবাসার সংজ্ঞা আজকাল মনে হয় পাল্টে গেছে। জানতাম ভালবাসা দেখানোর কিছু নেই। ভালবাসা থাকলে বোঝা যায়, অনুভব করা যায়। এখন তো কেউ ভালবাসে বললেই মনে হয়, কি ব্যাপার? কি দরকার? কি স্বার্থ? নিশ্চয় কোন প্রয়োজন। আত্মীয়, বন্ধু, পড়শি, সহকর্মী কেউ ভালবাসি বললেই কেমন যেন সন্দেহ জাগে। মনে হয় এই যুগে বিনা স্বার্থে ভাই ভাইকে দেখে না, বোন বোনকে মনে করে না। আত্মীয় যোগাযোগ রাখে না। বন্ধু সম্পর্ক রাখে না। কেন বলছে ভালবাসা বা কেয়ারিং’র কথা?

সবখানে যেন দেয়া নেয়ার সম্পর্ক।

নাথিং ইজ ফ্রি।

কদিন আগে এক পরিচিতা বলল কথাটা, তার এক ফুফাত ভাই সম্পর্কে। আমি অবাক হয়ে শুনলাম, তার ফুফাত ভাই এই শহরে দীর্ঘদিন ধরে আছে, ইল্লিগ্যাল, বৈধ কাগজ-পত্র করতে পারেনি। প্রতি সপ্তাহে আমার পরিচিতা মেয়েটি রান্না করে সাত দিনের জন্য। ফুফাত ভাইটি আসে সেদিন, ভাল মন্দ খায়। ভাইকে সে অফার করে আমি তোমার জন্য ক্যাটারিং করতে পারি। তুমি হয় বাজার করে দেবে না হলে খাবারের দাম দেবে। আমি তাকে জিজ্ঞেস করি, সপ্তাহে একদিন একবেলা একটা মানুষ কতটুকুই খায়! এক আত্মীয়র বাসায়। বিষয়টা অনেকটা আমার কাছে চিরায়িত বাঙালীর মন মানসিকতা, শুধু আমিই উন্নতি করবো তুমি না, বা আমি পেলে তুমি পেতে পারবে না। হোক না তা ফ্রি।

পত্রিকার পাতায়, টিভির খবরে, রেডিওতে, আন্তজালে ভালবাসার নামে ঠকানোর খবর, বন্ধু সেজে বন্ধুর ক্ষতি করা, স্বার্থে মেশা, স্বার্থের কারণে বিবাদ, ভালবাসার নামে ঝগড়া, দ্বেষ, মারামারি, খুন, ধর্ষণ। কোথাও যেন নিঃস্বার্থ ভালবাসার ছিটেফোঁটা নেই। স্বার্থে মানুষ ভালবাসে, স্বার্থ ফুরালে ভালবাসা শেষ হয়ে যায়। ইদানিং দেখি দেশকে ভালবাসাটাও আজকাল দেখানোর ব্যাপার, আমরা দেশকে ভালবাসি ফেসবুকের পাতায়, ব্লগে, টুইটারে। রাজনৈতিকরা দেশ ভালবাসেন সম্পদের পাহাড় বানাতে। পেশাজীবিরা ব্যস্ত আখের গোছাতে। এখন আমাদের ভালবাসার ব্যাপ্তি প্রয়োজন অবধি, প্রয়োজন শেষ তো ভালবাসারও শেষ। চাওয়া-পাওয়া ছাড়া কারো মধ্যে ভালবাসা যেন সোনার পাথরবাটি। আর তাই হয়ত নিঃস্বার্থ ভালবাসার উদাহরন খুঁজে ফিরি ইতিহাসের পাতায় পাতায়, অতীত কাহিনীতে।

আজকে চাওয়া-পাওয়া ছাড়া বা স্বার্থহীন ভালবাসায় যে গল্পটা করবো তার খোঁজ পেয়েছিলাম প্রবাসী সাংবাদিক হাসান ফেরদোস ভাইয়ের একটি আর্টিক্যালে। উনি সেটা লিখেছিলেন ২০১১ সালের ডিসেম্বরে প্রথম আলোতে। উনার লেখার সুত্র ধরে খুঁজে পাই রিচার্ড টেইলরের, ‘ব্লকেড: এ গাইড টু নন ভায়োলেন্ট ইন্টারভেনশন’ বই। যার প্রতিপাদ্য ছিল ১৯৭১ সালের ১১ জুলাই যুক্তরাষ্ট্রের বালটিমোর সমুদ্রবন্দরে এক অভাবনীয় ঘটনার। সেদিন বন্দরে নোঙর করার কথা ছিল সমুদ্রগামী পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’র। জাহাজটি পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র বহন করছে—এ তথ্য জানতে পেরে পেনসিলভানিয়া ও বালটিমোরে বসবাসরত একদল মার্কিন নাগরিক সিদ্ধান্ত নেন, তারা জাহাজটি বন্দরে ভিড়তে দেবেন না। ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে জীবন বাজি রেখে তারা অতিকায় সেই জাহাজকে সেদিন সত্যি সত্যি আটকে দিয়েছিলেন।ব্লকেড: একটি ভালবাসার গল্প

আমার মতো অনেকেই এই সত্যি ঘটনা নিয়ে লেখা বইটি পড়েন কিন্তু নড়ে চড়ে বসেন মাত্র একজন তরুণ আইটি প্রকৌশলী, আরিফ ইউসুফ প্রথম দিকে অনেকে উৎসাহ দিলেও কাজে নেমে পাশে পান একজনকে, তসবির ইমাম স্বাক্ষর।
তৎকালীন মার্কিন সরকার, পাকিস্তানের পক্ষাবলম্বনের পাশাপাশি গোপনে সমরাস্ত্র দিয়ে মদদ দিচ্ছে পূর্বপাকিস্তানে গণহত্যা চালানোর আর সেই দেশের নাগরিকরা তার প্রতিরোধে এগিয়ে আসে বিনা স্বার্থে, কোন চাওয়া-পাওয়ার হিসাব ছাড়া। অন্যায়ের প্রতিবাদে। নিঃস্বার্থ ভালবাসা নিয়ে।

আরিফ ইউসুফ ও তাসবির ইমাম স্বাক্ষর এই ভালবাসার গল্প বাঁধতে চাইলেন সেলুয়েডের ফিতায়। যাদের নেই কোন সিনেমা বানানোর পূর্ব অভিজ্ঞতা। নেই অর্থের জোর। ছিল শুধু একবুক ভালবাসা। আর সেই ভালবাসার জোরেই দীর্ঘদিন লাগলেও শেষ করেন তারা “ব্লকেড” ডকুফিল্ম।

একাত্তরের মুক্তিযুদ্ধ ঘটেছিল বাংলাদেশের ভূখণ্ডে, কিন্তু সে মুক্তিযুদ্ধের সমর্থনে অসংখ্য লড়াই হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে, দূরদেশগুলিতে। যারা সে যুদ্ধে বাংলাদেশের পক্ষে লড়েছিল, তারা যে সবাই বাঙালি, এমনও নয়। অচেনা, অজানা একটা দেশ যার সাথে নেই কোনে প্রত্যক্ষ পরিচিতি, তবু শুধু নৈতিকতার জোরে, মানুষের প্রতি ভালবাসা ডাকে সাড়া দিয়েছিল অসংখ্য মানুষ। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানের পক্ষাবলম্বন করেছিল যুক্তরাষ্ট্র, সেখানেও ঘটেছিল বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সংহতির, সহমর্মিতার ভালবাসার এক আশ্চর্য স্ফুরণ।
এই ভালবাসার কাহিনীর নতুন করে বলতে চাইলেন আরিফ ইউসুফ ও তসবির ইমাম। তাদের নির্মিত তথ্যচিত্র ‘ব্লকেড’ একাত্তরের অনেকগুলির একটি অভাবনীয় ঘটনার পুনর্নির্মাণ। ব্লকেডের প্রদর্শনী ২০১৬ সালের জানুয়ারী থেকে শুরু হয়। ফিলাডেলফিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বোস্টন ও নিউজার্সি হয়ে ঢাকাতেও এর প্রদর্শনী হচ্ছে। গত ৫ জুলাই নারীপক্ষে হয়ে গেল এর প্রদর্শনী। ৯ জুলাই প্রদর্শিত হবে চট্রগামে।ব্লকেড: একটি ভালবাসার গল্প

নিউইয়র্কে এই ছবির এক উন্মুক্ত প্রদর্শনীতে আমি গিয়েছিলাম, মজার কথা তার এক বছর আগে আমি ওয়াশিংটন ডিসিতে যাই ‘ব্লকেডের’ প্রদর্শনীতে, কিন্তু বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ফলে দেখতে পারিনি ‘ব্লকেড’ সেদিনের প্রদর্শনীতে। যুক্তরাষ্ট্রের একদল শান্তিকর্মী কিভাবে অস্ত্র বহনকারী একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ বন্দরে নোঙর করা ঠেকিয়ে দিয়েছিলেন, ছবিটিতে তাদের নিজস্ব বয়ানে সে ঘটনা জীবন্ত হয়ে উঠেছে। ‘ব্লকেড’ নির্মাণে আরিফ ও তসবির হয়ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেননি বা নির্মাণে কিছু ত্রুটিও আছে, কারণ ৪৫ বছর আগের গল্প, খুব সহজ ছিল না সে কাহিনির ভিডিও ফুটেজ খুঁজে বের করা। আট বছর ধরে আমেরিকার সব লাইব্রেরি, টিভি স্টেশনের লাইব্রেরি, পত্রিকা অফিস নেই যে, যেখানে যাননি, দুজন ফুটেজের সন্ধানে। শুধু ফুটেজ তো নয়, সে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এমন মুখ্যদেরও তো চাই। ফিলিস ও রিচার্ড টেইলার, ড. গ্রেনো, সুলতানা আলম ক্রিপেনডর্ফ ও মোনায়েম চৌধুরী, প্রত্যেককেই তারা খুঁজে বের করলেন। তাদের মুখ দিয়েই পুরো গল্পটি সাজানো হয়েছে এই ডকুচিত্রে। তারা এখন সবাই বার্ধক্যে, অথচ সেদিনের ঘটনার প্রতিটি মুহূর্ত তাদের কাছে এখনো তাজা। ক্যামেরায় সে ঘটনা বর্ণনার সময় তাদের চোখ-মুখ দেখে সে সময়ের উত্তেজনা আমাদের দর্শকদের উপলব্ধি করতে কষ্ট হয় না। তাই থাকলেও সব ত্রুটি ভালবাসার গল্পের কাছে নস্যি হয়ে যায়, তখন বুঁদ হয়ে ভিন্ন দেশি বন্ধুর সাথে প্রবাসী বাংলাদেশী যারা এই ঘটনার প্রত্যক্ষ অংশগ্রহনকারী তাদের কথায় চোখ ভিজে ওঠে। বুকের মধ্যে দেশের প্রতি মায়া- ভালবাসা ঝলকে ওঠে। তখন তুচ্ছ মনে হয় ঝগড়া, বিবাদ, রেষারেষি বা স্বার্থপরতা।

মন চাইছে এ ভালবাসার গল্প পুরোটাই বলে যাই। কিন্তু যারা ‘ব্লকেড’ দেখতে চাইছেন তাদের জন্য না হয় এপর্যন্ত আজ।

আমার কাছে বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা। মুক্তিযুদ্ধ মানে ভালবাসা। দেশের জন্য কিছু করাই ভালবাসা। সেই ভালবাসা দিতে ঘৃণা ও হিংসা পরিহার জরুরি। কারণ ভালবাসার পথে ঘৃণা ও হিংসা শুধু পরাজয় ডেকে আনে, অন্যায় দিয়ে ভালবাসা অর্জন করা যায় না। অর্জন করতে হয়, জ্ঞান, যুক্তি ও মানবিক বোধ দিয়ে। ৪৫ বছর আগে যেসব বিদেশি এদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন, বাংলাদেশের কাছে তাদের ব্যক্তিগত কোন চাওয়া–পাওয়া ছিল না। তারা চেয়েছিলেন দেশটি ভালো থাকুক, মানুষগুলো মৌলিক মানবাধিকার ভোগ করুক। দেশের মানুষগুলি ভালবাসায় মোড়া থাকুক। ৪৫ বছর পরেও কি তাদের সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পেরেছি? নাকি সেদিক থেকে আমরা যোজন যোজন দূরে!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…