ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির অধিকাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছার পরই ট্রেনটির মাঝামাঝি একটি বগিতে (পাওয়ার কার) আগুন লেগে যায়। প্রথমে আশেপাশের লোকজন ও পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল।
ট্রেন যাত্রী নাসিরনগরের চাতলপাড়ের ইমদাদুল হক জানান, ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামার মুহূর্তে এ ঘটনা ঘটে। স্টেশনে নামার পর দেখি পিছন দিকের বগিতে আগুন লেগেছে। তাৎক্ষনিকভাবে সামনের দিকে বগি নিয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) এগিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জাকারিয়া হায়দার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কুলিংয়ের জন্য পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায় নি।








