আন্তর্জাতিক

ব্রাজিলে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক কার্যক্রম স্থগিত

ব্রাজিলে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক কার্যক্রম স্থগিত

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে দেশটিতে কনস্যুলার সেবা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এরপর দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, শুক্রবার থেকে ব্রাজিলে কনস্যুলার সেবা স্থগিত থাকবে। জরুরি সহায়তার প্রয়োজন হলেও মার্কিন নাগরিকদের দূতাবাস, কনস্যুলেট বা অন্য কোনো কূটনৈতিক স্থাপনায় যেতে নিষেধ করা হয়েছে।

তবে কী ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে এই সিদ্ধান্তের সঙ্গে রোববারের প্রেসিডেন্ট নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, সেটিও যুক্তরাষ্ট্র জানায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় তারা ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

অস্ট্রেলিয়ার ব্রাজিলের রাষ্ট্রদূত সোফি ডেভিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রের সতর্কতার পরিপ্রেক্ষিতে শুক্রবার অস্ট্রেলিয়ার দূতাবাসও বন্ধ থাকবে। তিনি অস্ট্রেলীয় নাগরিকদের মার্কিন কূটনৈতিক স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ দেন।

এরই মধ্যে মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলার সম্ভাব্য পরিকল্পনার অভিযোগ তদন্তে সাও পাওলো ও রাজধানী ব্রাসিলিয়ার আশপাশের ফেডারেল ডিস্ট্রিক্টে তল্লাশি ও জব্দ অভিযান চালিয়েছে ব্রাজিলের ফেডারেল পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় প্রতিরোধমূলকভাবে এই অভিযান চালানো হয়। তবে প্রাথমিকভাবে যে হুমকির কথা জানানো হয়েছিল, সেটির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি। অভিযানে যোগাযোগের কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

রোববার ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে।

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলের রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে। লুলার ওয়ার্কার্স পার্টির সভাপতি এদিনহো সিলভা এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, এটি ব্রাজিলের জনমতকে প্রভাবিত করার একটি প্রচেষ্টা।

লুলার মিত্ররা এর আগে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক এবং নির্বাচন নিয়ে আলোচনা করতে মার্কিন কর্মকর্তাদের ব্রাজিলে পাঠানোর উদ্যোগকে বিদেশি হস্তক্ষেপের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের সঙ্গে কনস্যুলার সেবা স্থগিতের সিদ্ধান্তকে সরাসরি যুক্ত করেননি।

বিষয়:অস্ট্রেলিয়া কূটনৈতিক কার্যক্রম কূটনৈতিক কার্যক্রম স্থগিত নির্বাচন ব্রাজিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…