দুই দলের লক্ষ্যই জয়। তবে অবস্থা ভিন্ন উভয় দলেরই। সিলেটের বিপক্ষে জয় পেতে চাইলে যেখানে রাজশাহীকে ৮ উইকেটে করতে হবে ১২৫ রান, সেখানে ঢাকা মেট্রোর বিপক্ষে চট্টগ্রামকে পাড়ি দিতে হবে আরও ৩৭২ রানের বিশাল লক্ষ্য।
রোববার বৃষ্টি বাঁধায় রাজশাহীতে খেলা শুরু হয়েছে তিন ঘণ্টা পর। তাতে আগের দিনে ৫ উইকেটে ৯০ রান করা সিলেট অলআউট হয়েছে ১৬২ রানে। সাকলাইন সজীব ও ফরহাদ রেজা নিয়েছেন তিনটি করে উইকেট।
২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ সাবধানে এগিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। ২ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে জহুরুল ইসলামের দল। আগের আড়াই দিনে ৩০টি উইকেট পড়লেও শেষ দিনে ছড়ি ঘোরানোর ইঙ্গিত দিচ্ছেন রাজশাহীর ব্যাটসম্যানরা। বৃষ্টিতে ভেসে না গেলে অন্তত ফল দেখার সম্ভাবনা জেগেছে দ্বিতীয় স্তরের ম্যাচটিতে।
দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে জয়-পরাজয় কিংবা ড্র, সম্ভাব্য যেকোনো ফলের সামনে দাঁড়িয়ে ঢাকা মেট্রো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের ফলোঅন করানোর সুযোগ থাকা সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে ঢাকা। ৬ উইকেটে ১৬৯ রান তুলে চট্টগ্রামকে লক্ষ্য দিয়েছে ৩৮৩ রানের।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১১ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।







