বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৪

ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলায় বাজি তৈরির একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনি জানান, নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থল ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধারকাজ চলছে।
শহরের মহকুমা প্রশাসক (এসডিও) আশুতোষ কুমার গুপ্তের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীপাবলি উৎসব সামনে রেখে জামো থানার অধীন আলমাপুর গ্রামের ওই বাড়িতে বাজি তৈরি করছিলেন শ্রমিকেরা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ আমরুদ্দিন মিয়ানের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। ওই বাড়িতে বেশ কয়েক বছর ধরে বাজি তৈরির কাজ চলছিল।
বিস্ফোরণে আমরুদ্দিন মিয়ানের পরিবারের সদস্যরাও নিহত হয়ে থাকতে পারেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।






