চিত্রনায়িকা শবনম বুবলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টা নাগাদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। রাতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, তাকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার জ্বর ছিল ১০৩ ডিগ্রি, রক্তচাপও কম ছিল। তার শারীরিক অবস্থা ততটা গুরুতর নয়। প্রয়োজনীয় চিকিৎসা চলছে। স্যালাইন দেওয়া হয়েছে। তিনি এখন ঘুমাচ্ছেন। রাত দেড়টার দিকে জ্বর কিছুটা কমেছে। আশা করা যাচ্ছে, অবস্থার অবনতি না হলে আগামীকাল শনিবার বুবলী বাসায় যেতে পারবেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে গুলশানের টপকেপি রেস্তোরাঁয় ‘রংবাজ’ ছবির মহরত অনুষ্ঠানে অংশ নেন বুবলী। এই অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বুবলীর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুবলীর বড় বোন নাজনীন মিমি মুঠোফোনে বলেন, ‘গত তিন দিন ধরেই বুবলী অসুস্থ। জ্বর ছিল। আজ রাতে মহরত অনুষ্ঠান থেকে উত্তরায় বাসায় ফেরার পথে অসুস্থতা বেড়ে যায়। তাই তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে বুবলীর অবস্থা দেখে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।’
আজ রাতে ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানান, আগামী সোমবার ছবির শুটিং শুরু হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী।
এর আগে এই জুটি ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবিতে অভিনয় করেন। দুটি ছবিই দারুণ প্রশংসিত হয়েছে।
ইদানিং শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও সন্তান নিয়ে তৈরি আলোচনায় আলোচিত হন বুবলীও।







