ফুটবল

‘বিশ্বাস করতে পারছি না আমরা কী করেছি’

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ের পর ম্যানইউ কোচ

ম্যানচেস্টার ইউনাইটেড কোচের উত্তেজিত মন্তব্য ফুটবল ম্যাচের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ খেলোয়াড়দের উত্সাহিত করে থাকেন, ম্যাচের সময় তার উত্তেজিত প্রতিক্রিয়া দেখা যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘প্রথমার্ধে যা খেলেছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমরা কী করেছি। আমরা সংকল্প ছাড়াই খেলেছি। প্রয়োজনীয় সব আক্রমণ ছাড়াই। তাই আমরা সত্যিই সংগ্রাম করেছি।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে দলের বিবর্ণ পারফরম্যান্সের পর এভাবেই নিজের হতাশার কথা জানান ম্যানইউ কোচ রালফ র‍্যাঙ্গনিক।

গোটা ম্যাচে ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও ওয়ান্ডা মেট্রোপলিটানোয় নিজেদের ছন্দে ছিল না রেড ডেভিলরা। সাতবারের বেশি নিতে পারেনি শট। যার ভেতর লক্ষ্য বরাবর ছিল কেবল দুটি। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে ছিলেন নিজের ছায়া।

ম্যাচ শেষে তাই রালফ র‍্যাঙ্গনিক অকপটেই দলের বাজে পারফরম্যান্স নিয়ে দেন স্বীকারোক্তি, ‘দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো করেছি। আমরা জিততেও পারতাম। তবে আমাদের আরও ভালো খেলতে হবে। প্রথমার্ধের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ ছিলাম।’

ফরোয়ার্ড অ্যান্টনি এলাঙ্গার গোলে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের আশা বাঁচিয়ে রেখেছে রেড ডেভিলরা। ১৯ বছর বয়সী এই সুইডিশ ফুটবলারকে ‘রোল মডেল’ আখ্যা দিয়েছেন ম্যানইউ কোচ। একইসঙ্গে তার তৈরি করা দৃষ্টান্ত সবাইকে অনুসরণেরও পরামর্শ দেন।

‘‘তিনি এমনভাবে খেলছেন যেন একটি স্বপ্নকে সত্যি করেছে। তাকে খেলতে দেখা খুবই আনন্দের এবং মজার। আমি চাই বাকি খেলোয়াড়রা তাকে দৃষ্টান্ত এবং আদর্শ হিসেবে গ্রহণ করুক। অ্যান্টনি এখন পর্যন্ত যেসব ম্যাচ খেলেছে, তিনি নিজের সমস্ত আবেগ, মজা এবং আনন্দ নিয়ে খেলছে।’’

খেলার ৭৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামার পাঁচ মিনিট পরই পায়ে বলের স্পর্শ পান এলাঙ্গা। তাতেই করে বসেন গোল। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়া, ‘এটা আমার প্রথম স্পর্শ ছিল। চ্যাম্পিয়ন্স লিগে গোল করা- আমি এমন এমন মুহূর্তের স্বপ্ন দেখেছি।’

‘‘অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ইউরোপের শীর্ষ দলের বিপক্ষে গোল। এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। তবে এটি কেবল প্রথম অংশ (লেগ)। আমাদের কয়েক সপ্তাহের মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডের জন্য প্রস্তুত হতে হবে।’’

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ এলাঙ্গা চ্যাম্পিয়ন্স লিগ ম্যানইউ ম্যানচেস্টার ইউনাইটেড রালফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…