বিশেষ বিশেষ দিনগুলোতে নিজের রঙ বদলায় সার্চ ইঞ্জিন গুগল। বাংলা কথাসাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদের ৬৯ তম জন্মদিনেও তার ব্যতিক্রম হল না। গুগল ডুডল নামে পরিচিত এ রঙ বদলের খেলায় গুগল হাজির হল হুমায়ূন আহমেদের রূপ ধরে। আর সেখানেই মিলে গেল হুমায়ূনের সৃষ্টিশীলতার ছোঁয়া।
গুগল ডট বিডি ডট কম ব্রাউজ করলে দেখা গেছে এই কাণ্ড। এ নিয়ে স্বভাবতই উচ্ছ্বাস হুমায়ূন ভক্তদের। নন্দিত এ সাহিত্যিকের বড় ছেলে নুহাশ হুমায়ূন এ নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অসাধারণ! আমার কান্না চলে আসছে।’
গুগলের এই চিত্রে দেখা যাচ্ছে চায়ের পেয়ালা নিয়ে বসে আছেন হুমায়ূন আহমেদ। হলুদ পাঞ্জাবী পরে তার দিকে এগিয়ে আসছে তারই সৃষ্টি হিমু। আর পেছনে তরু পত্র দিয়ে লেখা গুগল শব্দটি।
গুগল ডুডল-এর বিষয়বস্তু হিসেবে স্থান পায় বিশ্বের গুরুত্বপূর্ণ মানুষদের জন্ম বা মৃত্যু দিন, ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন দেশের জাতীয় দিবস ইত্যাদি।









