গুচ্ছ পদ্ধতির আওতায় থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ভর্তি পরীক্ষা এবছর সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিফ্রিংকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেসকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আওতায় ছিলো তারাসহ বুয়েটও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে সম্মতি জানিয়েছে। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত দুর্ভোগ কমাতে আগামী এক সপ্তাহের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের সাথে একটি নির্দিষ্ট দিনে ভর্তির বিষয়ে আলোচনা করা হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন মাধ্যমিকের শিক্ষার্থীরা প্রথম ডোজ নিয়েছে। দ্বিতীয় ডোজ নিয়েছে ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী। যারা দ্বিতীয় ডোজ নিতে পেরেছে তারাই স্কুল কলেজে যেতে পারবে বলে জানান তিনি। এছাড়া আগামী ২১ তারিখের মধ্যে বাকি সকলের দ্বিতীয় ডোজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
করোনা মহামারির প্রথম ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর ধাপে ধাপে মাসের পর মাস বন্ধ ছিল। একপর্যায়ে সীমিত আকারে খুলে দেয়া হলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সর্বশেষ গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।








