বিশ্বকাপের আগে ইংল্যান্ডে একটা সিরিজ খেলার ব্যাপারে আগ্রহী সব দলই। এখন যেমন লম্বা সিরিজ নিয়ে সেখানে রয়েছে ভারতীয় দল। নিজেদের মানিয়ে নিতে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সিরিজ খেলবে পাকিস্তানও। সিরিজ হবে ওয়ানডে ও টি-টুয়েন্টি।
পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, ২০১৯ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সেদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।
বৃহস্পতিবার ইংল্যান্ডের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছর ইংলিশদের আন্তর্জাতিক খেলা শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। বিশ্বকাপ শুরুর মাত্র একমাসের কম সময় আগে শুরু হবে এই সিরিজ।
বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। আর পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ শুরু হবে ৫ মে, টি-টুয়েন্টি দিয়ে। এরপর ৮ মে থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। শেষ হবে ১৯ মে।
অর্থাৎ বিশ্বকাপ শুরু এক সপ্তাহ আগে সিরিজ শেষ করবে দুদল। এক্ষেত্রে ইংল্যান্ড যেমন লাভবান হবে, তেমনি ইংলিশদের মাটিতে বিশ্বকাপের আগে সিরিজ খেলে বেশি লাভবান হবে পাকিস্তানই।







