যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের প্রাদেশিক দল ওটাগো একাদশের বিপক্ষে তৃতীয় ম্যাচেও হেরে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে দেখতে হয়েছিল ৬ উইকেটের হার। বৃহস্পতিবারের হার ২৪ রানের।
নিউজিল্যান্ডে যুববিশ্বকাপের দ্বাদশ আসর শুরু হবে ১৩ জানুয়ারি। তার আগে বাংলাদেশ প্রস্তুতি ক্যাম্প করছে ডানেডিনে। দেশটির কন্ডিশন নিয়ে বাংলাদেশের চিন্তা চিরন্তন। যুবাদের ভেতরও সেটা ছিল। আর তাই আসর শুরু হওয়ার আগেভাগে ছেলেদের কিউইদের দেশে পাঠায় বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। হকিন্স (১৩৭) এবং বিশ্ববৈদ্যর (১১২) অপরাজিত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে দলটি ২৭৮ রান সংগ্রহ করে।
রবিউল হক ৬ ওভারে ৫২ রান দিয়ে দুই উইকেট নেন। একটি করে উইকেট কাজী অনীক এবং হাসান মাহমুদের।
জবাব দিতে নেমে বাংলাদেশ শুরু থেকে উইকেট হারাতে থাকে। প্রথম ওভারের শেষ বলে বিদায় নেন পিনাক ঘোষ (২)। নাঈম শেখ ২৪ বলে করেন ২২। অধিনায়ক সাইফ হাসান এদিনও হাল ধরেন। আগের ম্যাচে ৬৯ বলে ৫৪ করেছিলেন। বৃহস্পতিবারও ৫৪ রান করেন। এদিন বল খেলেন ৭৭টি। অর্ধশতক পেয়েছেন আমিনুল ইসলামও। ৫৭ বলে ৫২ করে বোল্ড হন। শেষ দিকে মাহিদুল ইসলামের ৫২ রানের ইনিংসে পথে থাকার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে না পারায় ৪৯.১ ওভারে ২৫৪ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।
এবারের বিশ্বকাপে টেস্ট খেলুড়ে ১২টি দেশ ও ৪টি সহযোগী দেশের যুবদল অংশ নেবে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে টাইগারদের সঙ্গী নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড।
৬ জানুয়ারি আইসিসি নির্ধারিত প্রস্তুতি ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে যাবে যুবারা। সেখানে প্রস্তুতি ম্যাচ পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে।







