কিছু ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদের প্রথম দফা নির্বাচন। দেশে এবারই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টার দিকে শেষ হয় ভোটগ্রহণ।
বেশ কিছু নির্বাচনী এলাকায় সহিংসতার ঘটনা ঘটলেও অধিকাংশ এলাকায় ছিলো উৎসবমুখর পরিবেশ।
প্রথম দফায় দেশের ৩৬ জেলার ১০১টি উপজেলায় ৭২১ ইউনিয়ন পরিষদে নির্বাচন শুরু হয়। ১৪টি রাজনৈতিক দল অংশ নিলেও ভোট যুদ্ধ হয় মূলত আওয়ামী লীগের নৌকা আর বিএনপির ধানের শীষের মধ্যে।
ঢাকার দোহার উপজেলার ৫টি ভোটকেন্দ্রেই চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোট দেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও এ নিয়ে কোনো অভিযোগ করছেন না ভোটাররা।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সকালে সংঘর্ষের দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা দ্রুতই নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর থেকে বেশ শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বেশ কয়েকটি কেন্দ্রে গুলির ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়ার চরকিং বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারকে গুলি করে দুর্বৃত্তরা। পিরোজপুরের বড়মাছুয়া ও শেয়ালকাঠি ইউনিয়নে ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক সাংবাদিকসহ ৮ জন আহত হয়।
অন্যদিকে কুমিল্লার দেবীদ্বারে ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা কেন্দ্রের বাইরে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় ৫ জন। এছাড়া সাতক্ষীরার কুমিরার ভাগবায় কেন্দ্র দখলের চেষ্টার সময় গুলি চালায় পুলিশ।
কেন্দ্র দখল নিয়েও ঘটেছে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নে জামবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের পর ব্যালট বাক্স ভাংচুর করা হয়। সদর উপজেলার রায়পাসা করাপুর ইউনিয়নের উত্তর বারুখা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার সময় লাঠিচার্জ করে পুলিশ।
ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নের ৯ নং কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। আর কুতুবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের পয়ারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল কবীরকে ভোট চুরির অভিযোগে আটক করেছে পুলিশ।
প্রার্থীর নির্বাচন বর্জনের ঘটনাও ঘটেছে কিছু কিছু এলাকায়। নিজের এবং পরিবারের ওপর হামলার অভিযোগ এনে নরসিংদীতে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেন।
বরগুনার বুড়িরচর ইউনিয়নে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিএনপির ৪ জন এবং স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান প্রার্থীও নির্বাচন বর্জন করেছেন।
ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মোট প্রার্থী ৩৬ হাজার ৬শ ৪০ জন। চেয়ারম্যান প্রার্থী ৩ হাজার ৪১ জন, সাধারণ সদস্য প্রার্থী ২৫ হাজার ২৮৫ জন এবং সংরক্ষিত নারী পদে প্রার্থী ৭ হাজার ৬১৭ জন।
এরই মধ্যে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী, ১৭৯ জন সাধারণ সদস্য প্রার্থী এবং ৫৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৭৪১ জন। আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছে নিরাপত্তা বাহিনীর ১ লাখ ৮০ হাজার সদস্য।





