নিবন্ধন বাতিল হয়ে যাবে এমন ঝুঁকি সামনে রেখে বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির প্রেক্ষিতে তিনি বলেছেন, সংবিধানে সহায়ক সরকারের বিধান নেই, কিন্তু অর্ন্তবর্তীকালীন সরকারের বিধান রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার মহিলা আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে শুক্রবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সময় এবং স্রোত যেমন থেমে থাকে না, তেমনি সংবিধানও কারো জন্য অপেক্ষা করবে না। তবে বিএনপির নির্বাচনে না আসার পেছনে কোন কারন দেখছেন না তিনি।
তিনি বলেন, ‘নিবন্ধন বাতিল হয়ে যাবে এমন ঝুঁকি সামনে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আমার মনে হয় না।’
মহিলা আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘দেশের অর্ধেক ভোটারের প্রতিনিধিত্ব করে নারীরা। তাদের বাদ রেখে উন্নয়ন সম্ভব না। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান অন্যান্য সহযোগী সংগঠনের মতো মহিলা আওয়ামী লীগও শক্তিশালী হোক। নির্বাচনের আগ দিয়ে আওয়ামী লীগ তার সকল সহযোগী ও সকল অঙ্গ সংগঠনের কাউন্সিল পরিচালনা করবে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৪মার্চ ) ও মহিলা আওয়ামী লীগ ও ১১ মার্চ যুব মহিলা লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, সম্প্রতি নারীরা রাজনীতিতে তাদের শক্ত অবস্থান তুলে ধরেছেন। এ প্রসঙ্গে তিনি নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর উদাহরন তুলে ধরেন।








