অনেক আশা নিয়ে বার্সেলোনায় এসেছিলেন আর্তুরো ভিদাল। কিন্তু মূল একাদশে সুযোগ প্রায় পান না বললেই চলে। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এই চিলিয়ান মিডফিল্ডারকে মাত্র কয়েকমিনিট খেলিয়েছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। নিয়মিত খেলতে না পারায় শেষপর্যন্ত হতাশা লুকাতে পারেননি জুভেন্টাস, বায়ার্ন মিউনিখের সাবেক এ মিডফিল্ডার।
টটেনহ্যাম ম্যাচের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাগের ইমোজি ব্যবহার করে নিজের ক্ষোভ ঝেরেছিলেন ভিদাল। আন্তর্জাতিক ম্যাচ খেলতে এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আছে চিলি। সেখানে জাতীয় দলের সতীর্থদের কাছেও নিজের ক্ষোভের কথা লুকাতে পারেননি ভিদাল। তবে কোচের প্রতি তার কোনো ক্ষোভ নেই বলেও জানিয়েছেন।
‘আমি সুখী নই। কিন্তু কোচের সঙ্গে যদি আমার বনিবনা না হয় তাহলে সেটা আমি সরাসরি তাকেই বলবো। আর আমি কী করে সুখী হবো, যদি না আমি খেলতে পারি! আমি এমন একজন যে সেরা দলের হয়ে খেলতে, সবকিছু জয় করতে ভালোবাসে এবং বার্সার হয়ে সারাজীবন খেলতে চায়।’
‘আমি মানসিক ও শারীরিকভাবে ভালো আছি। আগের কিছু ম্যাচে কিছুটা বিরক্ত ছিলাম। আমরা লড়াই চালিয়ে যাবো। সামনে বেশকিছু বড় বড় ম্যাচ আছে। দেখা যাক কী হয়!’ যোগ করেন ভিদাল।







