বাবার বদনামের দায়ভার নিতে নারাজ প্যারিস জ্যাকসন

‘লিভিং নেভারল্যান্ড’ নামের একটি তথ্যচিত্র প্রচারের পর থেকে নানা প্রশ্ন উঠছে মাইকেল জ্যাকসনকে নিয়ে। তবে তাকে নিয়ে তৈরি এই বিতর্কের দায়ভার নিতে নারাজ মেয়ে প্যারিস জ্যাকসন।
ওই তথ্যচিত্রে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা নিঃসন্দেহে অনেককে বিব্রত করবে এবং অস্বস্তিতে ফেলবে। ওই দুইজন ব্যক্তি মাইকেল জ্যাকসনের দ্বারা নির্যাতনের যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, তা অনেককেই হতবাক করে দিতে পারে।
তবে এবিষয়ে মাইকেল জ্যাকসনের ভাগ্নে তাজ জ্যাকসন গণমাধ্যমকে বলেন, মাইকেল জ্যাকসন বেঁচে থাকলে এসব অভিযোগ শুনে কেঁদে ফেলতেন। কিন্তু জ্যাকসনের মা এবং বোন এখনো এসব অভিযোগ প্রসঙ্গে কোন মন্তব্য করেননি।
সম্প্রতি বাবাকে নিয়ে তৈরি বিতর্ক নিয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছেন প্যারিস। সেখানে তিনি বলেছেন, “এমন না যে আমি তার বিরুদ্ধে অভিযোগের প্রতিরোধ করছি না। আমি তাজকে সমর্থন করছি বাবাকে বিরুদ্ধে অভিযোগের প্রতিরোধ করার কারণে। তবে আমি নিজে এই দায়ভার নিতে চাই না”।
প্রচারিত ওই অনুষ্ঠানে দেখানো হয়েছে যে, জেমস সেফচাক এবং ওয়েড রবসন নামের দুইজন ব্যক্তি দাবি করেছেন, শিশু থাকাকালে তাদের নির্যাতন করেছেন এই গায়ক। যদিও মাইকেল জ্যাকসনের পরিবার ওই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এই অভিযোগ তার নামের ওপর বিশাল এক কালো ছায়া তৈরি করেছে।






