বাজে আচরণের শাস্তি হিসেবে জরিমানা গুনতে হয়েছে আল-আমিন হোসেনকে। ইস্ট জোনের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে সাউথ জোনের এই পেসারের শারীরিক ভাষা ও আচরণ খেলোয়াড়সুলভ না হওয়ায় ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এ তথ্য।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ দিনের ম্যাচে ইস্ট জোনকে ১০৫ রানে হারিয়ে চতুর্থবার শিরোপা জেতে আব্দুর রাজ্জাকের সাউথ জোন। চতুর্থ দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি। শেষদিনে ইস্টের একজন ব্যাটসম্যানকে আউট করার পর তার আচরণ খেলোয়াড়সুলভ ছিলো না বলে ম্যাচ রেফারির কাছে দেয়া প্রতিবেদনে উল্লেখ করেন আম্পায়াররা।
দ্বিতীয় ইনিংসে একটিই উইকেট পেয়েছিলেন আল-আমিন। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হোন ইস্টের ওপেনার মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে বাজে আচরণ করায় আচরণবিধির লেভেল-১ মাত্রার দোষ করেছেন আল-আমিন। এই ধরণের অপরাধে সর্বনিম্ন শাস্তি তিরস্কার আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা।








