রিচার্ড পাইবাসকে পছন্দ নয় বাংলাদেশি ক্রিকেটারদের। তাই চণ্ডিকা হাথুরুসিংহের শূন্যস্থান পূরণের লাইনে বেশ ভাল ভাবেই ছিলেন ফিল সিমন্স। ঢাকায় এসে এই ক্যারিবিয়ানের দেয়া ৪০ মিনিটের সাক্ষাতকারে খুশিও ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা। কিন্তু শেষ পর্যন্ত উল্টে গেল পাশার দান। মাশরাফী-তামিম-সাকিবদের কোচ না হয়ে মোহাম্মদ নবী-রশিদ খানদের কোচ নির্বাচিত হলেন ফিল সিমন্স।
রোববার আফগানিস্তানের কোচ হিসেবে সিমন্সের নাম ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড-এসিবি। নতুন বছরের ৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ওয়ানডে ও ২টি-টুয়েন্টির সিরিজে আফগানদের কোচ হিসেবে অভিষেক হবে ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক কোচের। এসিবির সঙ্গে তার চুক্তি হয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত। মার্চে জিম্বাবুয়েতে ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে আফগানরা।
ভারতীয় কোচ লালচান রাজপুতের সঙ্গে গত আগস্টে সম্পর্ক চুকানোর পর বড় নামের কোচের খোঁজে ছিল এসিবি। কোচদের সংক্ষিপ্ত তিনের তালিকায় শেষ পর্যন্ত ২৬ টেস্ট ও ১৪২ ওয়ানডে খেলা ক্যারিবীয় সিমন্সকেই বেছে নেয় বোর্ডটি। এর আগে অল্প সময়ের জন্য আফগানদের পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের কোচ হিসেবে কাজ করেছেন সিমন্স।







