সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেই সমর্থকদের মন জয় করে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়কের জোড়া উইকেট শিকারের সঙ্গে কিপটে বোলিংয়ে রাজস্থান রয়্যালসকে ১২৫ রানে আটকে দেয় হায়দরাবাদ। পরে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে।
সোমবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনিংসের চতুর্থ ও ষষ্ঠ ওভারে সাকিবের হাতে বল তুলে দেন কিউই কাপ্তান। দুই ওভারে ১২ রানে উইকেটহীন থাকেন সাকিব।
মাঝখানে তিন ওভার বিরতি দিয়ে দশম ওভারে আবারও বোলিংয়ে সাকিব। উইকেটহীন ছিলেন এই ওভারেও। রান দেন ৮টি।
১৪তম ওভারে শেষবার বোলিংয়ে এসেই রাজস্থানের ইনিংসে তোপ দাগেন সাকিব। দ্বিতীয় বলে মনিষ পাণ্ডের ক্যাচ বানিয়ে তুলে নেন ১৭ রান করা রাহুল ত্রিপাঠির উইকেট। ওভারের পঞ্চম বলে ৪৯ রান করা সাঞ্জু স্যামসনকে বানান রশিদ খানের ক্যাচ। নির্ধারিত চার ওভার শেষে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের দ্বিতীয় সেরা সফল বোলার সাকিব।
৪ ওভারে ১৭ রান দিয়ে সফলতম বোলার সিদ্ধার্থ। সাকিবের মতো ২৩ রান দিয়েছেন রশিদ খানও। তবে উইকেট নিয়েছেন একটি।
টি-টুয়েন্টির জন্য আদতে ছোট লক্ষ্য সানরাইজার্সরা টপকে যায় ৯ উইকেট আর ২৫ বল হাতে রেখেই। কেবল হৃদ্ধিমান শাহাই (৫) ব্যাটের লাগাম খুলতে পারেননি। ধাওয়ান ৭৭ ও উইলিয়ামসন ৩৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন। ১৩ চার আর এক ছক্কায় ৫৭ বলে সাজানো ধাওয়ানের ইনিংসটি।









