গেল কয়েক বছর থেকে বলিউডে শুরু হয়েছে বায়োপিক নির্মাণের হিড়িক। সাফল্যের কারণেই মূলত নির্মাতারাও এই ধরনের ছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন। বলিউড তারকা থেকে শুরু করে তারকা খেলোয়াড়, যারই বায়োপিক বড়পর্দায় মুক্তি পেয়েছে দর্শকের ভালোবাসার প্রমাণ মিলেছে ছবির বক্স অফিস কালেকশনে।
তারই প্রেক্ষিতে এবার বড়পর্দায় আসতে চলেছে ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার বায়োপিক! যার ঘোষণা দিয়েছেন বলি-প্রযোজক নিখিল দ্বিবেদী।
আরাধনা, কটি পতঙ্গ, অমর প্রেম, আনন্দ, খামোশি’র মতো একের পর এক ব্লকব্লাস্টার বক্স অফিসে উপহার দিয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন রাজেশ খান্না। তার সুবাদেই বলিউডে প্রথমবার ‘সুপারস্টার’ শব্দটি ব্যবহার হয়েছিল। যদিও তাকে নিয়ে ছিল বেশকিছু বিতর্কও। তবে সবকিছু ছাপিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দর্শকের ভালোবাসা কুড়িয়ে গিয়েছিলেন তিনি।
প্রয়াত এই বলি-তারকার বায়োপিক প্রসঙ্গে নিখিল দ্বিবেদী জানান, তার মতো এত বিরাট মাপের রাজকীয় ব্যক্তিত্বের বহু বছর আগেই বায়োপিক হওয়া উচিত ছিল। এতদিন যখন তা হয়নি, এবার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম।
ইতোমধ্যে গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। সেই বই অনুযায়ী লেখা হবে ছবির চিত্রনাট্য। যা লিখবেন সেই বইয়ের লেখক গৌতম।
এদিকে ছবির পরিচালনার দায়িত্বে কে থাকবেন সেই প্রসঙ্গে নিখিল দ্বিবেদী বলেছেন ফারাহ খানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পাশাপাশি ফারাহ খান নিজেও জানিয়েছেন, গৌতমের লেখা বইটি পড়ে তার বেশ ভালো লেগেছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে নিখিলে সাথে, তবে এর থেকে বেশি এই প্রজেক্ট সম্পর্কে কথা বলেননি ‘হ্যাপি নিউ ইয়ার’ খ্যাত এই পরিচালক।
রাজেশ খান্নার বায়োপিকের ব্যাপারে সমস্ত অনুমতি জোগাড় হয়েছে কিনা সেই প্রসঙ্গে প্রশ্ন করতেই নিখিল জানিয়েছেন, তারা লুকিয়ে কিছু করছেন না। আর এমন কিছু এই ছবিতে রাখা হবে না, যার প্রধান উপজীব্য হবে বিতর্ক। প্রযোজকের কথায়, ‘বলিউডের প্রথম ‘সুপারস্টার’ এর উদ্দেশ্যে এই ছবি শ্রদ্ধার্ঘ্য হিসেবে পেশ করতে চাইছি আমরা।’
রাজেশ খান্নার ভূমিকায় পর্দায় কোন বলি-তারকাকে দেখা যেতে পারে এই প্রশ্নের জবাবে নিখিল জানান, ‘সেটি পুরোপুরি পরিচালকই ঠিক করবেন। এ বিষয়েও আলোচনা চলছে।’







