সুইজারল্যান্ডে বরফে ছড়াতে যাচ্ছে ক্রিকেটের উষ্ণতা। আর সেই উদ্বোধনী ম্যাচে খেলতে দেখা যাবে ভারত ও পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি ও বীরেন্দ্র শেবাগকে। থাকবেন অন্য ক্রিকেট তারকারাও।
সেন্ট মোরিজ আইস ক্রিকেট হবে আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারি। ম্যাট পিচে খেলা হবে এই ক্রিকেট। ভারতের বীরেন্দ্র শেবাগ ও পাকিস্তানের শহিদ আফ্রিদি ছাড়াও এখানে খেলতে দেখা যেতে পারে মোহাম্মদ কাইফ, শোয়েব আখতার, মাহেলা জয়বর্ধনে, লাসিথ মালিঙ্গা, মাইকেল হাসি, জ্যাক কালিস, ড্যানিয়েল ভেটোরি, নাথান ম্যাকালাম, গ্র্যান্ট ইলিয়ট, মন্টি পানেসর ও ওয়েস শাহকে।
খেলোয়াড়রা তাদের প্রচলিত জিনিসই ব্যবহার করতে পারবেন। লাল বলেই খেলা হবে। যেহেতু বরফে খেলা সেহেতু স্পাইকসের বদলে ব্যবহার করতে হবে স্পোর্টস শু। স্থানীয় আবহাওয়ার খবর অনুযায়ী ওই সময়টাতে আবহাওয়া ভালই থাকবে। কিন্তু তাপমাত্রা নেমে যেতে পারে হিমাঙ্কের ২০ ডিগ্রি পর্যন্ত নিচে।
সাবেক সাউথ আফ্রিকান অধিনায়ক, গ্রিম স্মিথ বলেন, ‘আমি জানি না ঠিক কী হবে কিন্তু বিশ্বের সুন্দরতম জায়গায় খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। আশা করছি এই ইভেন্ট সাফল্য পাবে। সেখানে সব বড় বড় ক্রিকেট তারকারা থাকবে। আন্তর্জাতিক স্তরে আমি এদের সকলের বিরুদ্ধেই খেলেছি। তাদের সবার সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাওয়া যাবে। সঙ্গে ক্রিকেটটাও হবে।’
আয়োজক সংস্থা ভিজে স্পোর্টস দাবি করেছে, এই ইভেন্টটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদন করেছে।








