শাহরুখ খান, কাজল আর করণ জোহরের বন্ধুত্ব কারও অজানা নয়। তেমনি শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এবং করণ জোহরের বন্ধুত্বও তাদের তুলনায় কোন অংশে কম নয়। সুখে-দুঃখে সব সময় পাশে থাকেন গৌরী এবং করণ জোহর। একজন অচেনা মানুষের এমন বন্ধু হয়ে ওঠার গল্প শোনালেন করণ। এইচটি ব্রাঞ্চকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
১৯৯৪ সালে সুইজারল্যান্ডে গৌরীর সঙ্গে প্রথম পরিচয় হয় করণের। আর পরিচয় করিয়ে দেন শাহরুখ নিজেই। তখন তারা সেখানে ব্যস্ত ছিলেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির শুটিং নিয়ে। ছবির সেটে গৌরী তার এক বন্ধুকে নিয়ে উপস্থিত হলেন। খুব ভালো ফ্রেঞ্চ বলতে পারতেন করণ। তাই শাহরুখ ঠিক করলেন, তাদের নিয়ে করণ সুইজারল্যান্ডের ফ্রেঞ্চের অংশের দিকটায় ঘুরতে নিয়ে যাবেন। সেখানে গৌরী মুগ্ধ হন করণের মুখে ফরাসী ভাষা শুনে। ‘একজন হিন্দি ভাষীর মুখে এত সুন্দর ফরাসী ভাষা!’ যা ছিল গৌরীর কাছে অবাক করার মতো। সে দিনের বেড়ানোর নানা মজার ঘটনা এবং জানাশোনার সুযোগ তাদের আরও ভালো বন্ধুত্বের দিকে নিয়ে যায়।
করণ বলেন, ‘এরপর যখন আমরা মুম্বাই ফিরে আসি, তখন আমি ওর খুব ভালো বন্ধু হয়ে উঠতে থাকি। ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে আমি ওর প্রথম ভালো বন্ধু। শুরুতে সে ইন্ড্রাস্ট্রি থেকে দূরে থাকলেও আমার সাথে বন্ধুত্ব থেকে কখনো দূরে থাকেনি।’
তিনি আরও বলেন, ‘গৌরী প্রথম দিকে মনে করতেন ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে কেউ তার বন্ধু হতে পারে না। কিন্তু আমিই তাকে এই ধারণা থেকে বের করে এনেছি। আজ সে এই ইন্ড্রাস্ট্রিকে তার পরিবারের একটা অংশ করে নিয়েছে। তেমনি সেও এই ইন্ড্রাস্টির একটি অংশ।’ ফিল্মি বিট।








