পর্তুগালের বিপক্ষে উরুগুয়ের জয়ের নায়ক এডিনসন কাভানি ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। তাতে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কাভানির খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
শনিবার রাতে সোচিতে ম্যাচের ৭৬ মিনিটের মাথায় পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন কাভানি। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের কপালে তখন থেকেই চিন্তার ভাঁজ। যদিও কোয়ার্টারের আগে অধিনায়কের সুস্থ হয়ে ওঠা নিয়ে আশা রাখছেন সুয়ারেজ-গডিনদের কোচ।
কাভানির ইনজুরি নিয়ে উরুগুয়ে কোচ বলেছেন, ‘সে ইনজুরিতে আছে এবং পায়ে ব্যথা অনুভব করছে। তার ইনজুরির অবস্থা কি সেটা এখনই বলা যাচ্ছে না। দলের চিকিৎসকদের সঙ্গে আমার এখনো সেভাবে কথা হয়নি। আমাদের সামনে এখনো পাঁচদিন সময় আছে। তবে এটা খুব কম সময়। এরমধ্যে তার সুস্থ হওয়ার ব্যাপারে কিছু বলা যায় না।’
নক আউটের ম্যাচে শুরুতে সাত মিনিটের মাথায় দারুণ এক হেডে দলের পক্ষে প্রথম লিড এনে দেন কাভানি। পরে পর্তুগাল দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে। কিন্তু কাভানি তাদের সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি।
ম্যাচের ৬২ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে আবারও এগিয়ে নেন কাভানি। সেটাই জয়সূচক গোল। কাভানি অবশ্য দলের সঙ্গে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারেননি। জয় নিশ্চিতের পর সাইডবেঞ্চে বসে চোখ ভিজিয়েছেন।








