‘ফেয়ার প্লে’ নিয়ে ফিফা’য় সেনেগালের অভিযোগ

ফিফা’র ‘ফেয়ার প্লে’ নিয়মের কারণেই রাশিয়া বিশকাপ থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। আর এই নিয়ম পুনর্বিবেচনা করার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা’র কাছে অভিযোগ জানিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।
গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় সেনেগাল। এর ফলে এইচ-গ্রুপের তৃতীয় দল হিসেবে তারা প্রথম রাউন্ড শেষ করে।
জাপানের সঙ্গে সমান পয়েন্ট এবং গোল ব্যবধানও সমান হওয়ায় বেশি হলুদ কার্ড দেখার কারণে পরের রাউন্ডে উঠে যায় জাপান। আর বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেনেগাল। এবারই প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে ‘ফেয়ার প্লে’ নিয়ম চালু হয়েছে।
সেনেগাল ফুটবল ফেডারেশনের মুখপাত্র কারা থিওনে বিবিসি স্পোর্টসকে জানিয়েছেন, ‘ভবিষ্যতে ফিফার এই আইন নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। ফিফা নতুন আইন প্রবর্তন করেছে ঠিকই, কিন্তু এই ধরনের আইন কি সত্যিই সমস্যার সমাধান করতে পারবে।’
এফএসএফ’র পক্ষ থেকে ফিফাকে দুটি চিঠি দিয়েছে। এর মধ্যে একটি ফেয়ার প্লে আইনের বিরোধিতা করে, আর একটি কলম্বিয়া-সেনেগাল ম্যাচের রেফারির মান নিয়ে।
আসলে ‘ফেয়ার প্লে’ নিয়মে বিশ্বকাপ থেকে বিদায়টা কোনও ভাবেই মেনে নিতে পারছে না সেনেগাল ফুটবল ফেডারেশন।
যদিও ফিফা আগেই জানিয়েছে, বিশ্বকাপের পর ‘ফেয়ার প্লে’র নিয়ম নিয়ে তার বিবেচনা করবে।






