ফেসবুকে ‘গুজব’ ছড়ানোয় যুবক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে মোহাম্মদ আলী রুবেল (২৮) নামে একজনকে আটক করেছে র্যাব-১০।
রুবেল ঢাকার বংশাল এলাকার বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বাংলাবাজার এলাকার খান প্লাজার তৃতীয় তলার একটি বইয়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রুবেলকে আটকের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর মো. আশরাফুল হক।
তিনি বলেন, আটক রুবেল তার নিজের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণাসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের নামে বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করে আসছিলেন। আটকের পর তার ফেসবুক চেক করে এসব গুজবের সত্যতা পাওয়া গেছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মেজর আশরাফুল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






