ছেলেরা না পারলেও ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে ভালোই চমক দেখিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। ৬ এপ্রিল নতুন তালিকা ঘোষণা করবে ফিফা।
১১ ধাপ উন্নতিতে ১৭৭টি দেশের মধ্যে বর্তমানে ১০৩তম স্থানে অবস্থান করছেন সাবিনা-স্বপ্নারা। ২০১৩ সালে র্যাঙ্কিংয়ের ঠিক ১০০তম স্থানে উঠেছিল মেয়েরা।
একের পর এক ব্যর্থতায় পুরুষ দল যেখানে সমালোচনার বাণে জর্জরিত, নারীরা সেখানে হাঁটছেন ঠিক তার ভিন্ন পথে। অনূর্ধ্ব-১৪, ১৬ দলের সাফল্যের পর সাফ ফুটবলে মালদ্বীপ, আফগানিস্তানের মেয়েদের হারিয়ে রানার্সআপ হয়েছিলেন সাবিনারা। সাফল্যের ফলটাও পাওয়া গেল হাতেনাতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, নেপালের পর বাংলাদেশের অবস্থান। ভারতের অবস্থান ৫৬ এবং নেপাল আছে ৯৫তম স্থানে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ১০৫, মালদ্বীপ ১০৭, আফগানিস্তান ১০৯, ভুটান ১১৩ এবং পাকিস্তান আছে ১১৬তম স্থানে।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও হয়েছে রদবদল। যুক্তরাষ্ট্রকে টপকে এক নম্বর স্থানে এখন জার্মান মেয়েরা।








