আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন উয়েফার সাধারণ সম্পাদক গিয়ানি ইনফ্যানতিনো। মঙ্গলবার সংস্থাটির গর্ভনিং কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ৯০ দিনের নিষেধাজ্ঞা শেষে ফিরবেন জানুয়ারিতে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থীতা বাতিল হতে পারে এমন আশঙ্কা থেকে আগে ভাগেই উয়েফা তাদের নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
ইনফ্যানতিনোকে পুরোপুরি সমর্থন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উয়েফার গভর্নিং বডি। পাশাপাশি প্লাতিনির জন্যেও তাদের সমর্থন থাকবে।
সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে যোগ দিয়েছেন এশিয়ার সকার কনফেডারেশনের প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহীম ও লাইবেরিয়ান সকার ফেডারেশনের প্রেসিডেন্ট মুসা বিলিতি।







