গত সোমবার রাতে আইপিএল শেষে দেশে ফেরা মুস্তাফিজ মঙ্গলবার সকালেই আসেন বিসিবিতে ফিটনেস টেস্ট দিতে। এই টেস্টে ফিট হলেই মিলতে পারে মুস্তাফিজের সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টি খেলা।
ফিটনেস টেস্টের যাবতীয় রিপোর্ট দু’এক দিনের মধ্যে বোর্ডে জমা দেবে মেডিকেল বিভাগ। এরপর মুস্তাফিজের ইংলিংশ কাউন্টিতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বিসিবি।
দীর্ঘ সময় ধরে তার ফিটনেসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা নেয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে পরীক্ষা করেন।
সেখান থেকে বেড়িয়ে ‘কাটার মাস্টার’ দেখা করেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। এরপরই বিসিবি’র অন্যান্য সদস্য ও টিমমেটদের সঙ্গে দেখা হয় মুস্তাফিজের। জাতীয় দলের অধিনায়ক মাশরাফির সঙ্গে ও হাস্যোজ্জ্বল সাক্ষাত করতে দেখা যায় আইপিএল বিজয়ী দ্য ফিজকে।
বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিসিবি’র ফিজিও ও ডাক্তাররা আজ মুস্তাফিজের কিছু পরীক্ষা নীরিক্ষা করেছে, পরেও কিছু পরীক্ষা হবে। সব রিপোর্ট পাওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিব মুস্তাফিজের ব্যাপারে আমরা কিভাবে এগোবো।
আর ইংলিশ কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আরও তিন দিন সময় নেবে বিসিবি।আইপিএল ২০১৬তে অংশ নিয়ে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার হন মুস্তাফিজ। প্রথম আসরেই তার শিকর ১৭ উইকেট।
ঢাকার ক্রিকেটে এবার কাটার-মাস্টারের রেজিস্ট্রেশন মোহামেডানে। এমএসসিও মনে-প্রাণে চাইছে বিসিবির ‘ফিট সার্টিফিকেট’ পেলে তাদের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান।







